চাঁপাইনবাবগঞ্জে মঙ্গলবার সন্ধ্যা থেকে রাতভর মুষলধারে বৃষ্টি হয়েছে। জেলায় গড় বৃষ্টিপাত ৩৬.৪ মিলিমিটার রেকর্ড করেছে কৃষি বিভাগ। এছাড়া সারাদিনই থেমে থেমে বৃষ্টি হয়েছে।
গত মঙ্গলবার সন্ধার পর মুষলধারে বৃষ্টি হয়। এতে জেলা শহরের ড্রেনগুলো উপচে পানি ড্রেন রাস্তায় উঠে পড়ে। এতে জনসাধারণের চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়। তবে রাতে আবারো প্রচুর বৃষ্টি হলে শহরের নিম্নাঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হয়। জেলাশহরের অক্ট্রয় মোড়-নিয়ামতনগর-জেলা প্রশাসকের বাসভবন এলাকা, গ্রিনভিউ স্কুলের চারপাশ, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে, হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় এলাকা, নিমতলতা, বাতেনখাঁর মোড়সহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। ফলে সকালে স্কুলগামী শিক্ষার্থীদের ভোগান্তিতে পড়তে হয়।
এদিকে সদর উপজেলা কৃষি অফিসার সুনাইন বিন জামান জানান, প্রচুর বৃষ্টিতে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা, সদর উপজেলার বালিয়াডাঙ্গা, ঝিলিমসহ বিভিন্ন ইউনিয়নের ১৭৭ হেক্টর আমন ধানের জমি নিমজ্জিত হয়েছে। এছাড়া শাক-সবজি নিমজ্জিত হয়েছে প্রায় দেড় হেক্টর জমির। তবে আর বৃষ্টি না হলে পানি নেমে যাবে এবং ফসলের কোনো ক্ষতি হবে না।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আতিকুল ইসলাম জানান, সদর ছাড়া অন্য কোনো উপজেলায় ফসল নিমজ্জিত হয়নি। তিনি আরো জানান, সদর উপজেলায় ৪৫ মিলিমিটার, শিবগঞ্জ উপজেলায় ৩২ মিলিমিটার, গোমস্তাপুর উপজেলায় ৩০ মিলিমিটার, নাচোল উপজেলায় ৫০ মিলিমিটার ও ভোলাহাট উপজেলায় ২৫ মিলিমিটারসহ জেলায় গড় বৃষ্টি হয়েছে ৩৬.৪ মিলিমিটার। মঙ্গলবার ভোর ৬টা থেকে বুধবার ভোর ৬টা পর্যন্ত এই বৃষ্টিপাত রেকর্ড করা হয়।