মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩১শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 15, 2026
September 02, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ পানি ও স্যানিটেশন বিষয়ক পরিকল্পনা সভা

Published: September 02, 2026 at 01:54 PM
চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ পানি ও স্যানিটেশন বিষয়ক পরিকল্পনা সভা

চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি সেবা সবার কাছে পৌঁছে দিতে ওয়াশ সর্বজনীন সেবা আওতাভুক্তকরণ পরিকল্পনা নিয়ে অংশীজনদের সঙ্গে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সিসিডিবি হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। চাঁপাইনবাবগঞ্জ এডিপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর আয়োজনে এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (ডিপিএইচই), চাঁপাইনবাবগঞ্জের সহযোগিতায় সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় ঝিলিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম লুৎফুল হাসান, বারঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হারুন অর রশিদ, অনুপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস. আব্দুল বদী বাদশা, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী জন পলাশ হাঁসদা, চাঁপাইনবাবগঞ্জ এডিপি ম্যানেজার ম্যানুয়েল হাসদা এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সিনিয়র প্রোগ্রাম কর্মকর্তা শ্যামল এইচ. কস্তা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, নিরাপদ পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন মানুষের মৌলিক চাহিদা। কিন্তু জেলার বিভিন্ন এলাকায় এখনো নিরাপদ পানি ও স্যানিটেশন সেবা নিশ্চিত করতে নানা ধরনের চ্যালেঞ্জ রয়েছে। এসব সমস্যা চিহ্নিত করে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদ ও উন্নয়ন সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

আলোচনায় বিভিন্ন ইউনিয়ন পরিষদ ও এনজিও প্রতিনিধিরা নিজ নিজ এলাকায় নিরাপদ পানি ও স্যানিটেশন নিয়ে চলমান কার্যক্রম, বিদ্যমান সমস্যা এবং এসব সমস্যা সমাধানে করণীয় তুলে ধরেন। পাশাপাশি কোন এলাকায় কী ধরনের সেবা প্রয়োজন এবং জনগণের কাছে সেবা পৌঁছে দিতে কী ধরনের উদ্যোগ নেয়া প্রয়োজন, তা নিয়েও মতবিনিময় করা হয়।

সভায় সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ, সরকারি প্রতিষ্ঠান ও এনজিও প্রতিনিধিরা অংশ নেন।