মঙ্গলবার ০১ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ১৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 01, 2026
September 01, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

লোকসংস্কৃতির আলোয় আমাদের পথচলা

Published: September 01, 2026 at 04:05 AM
লোকসংস্কৃতির আলোয় আমাদের পথচলা

মৌসুমী খাতুন


১ সেপ্টেম্বর ২০০৭ সালে একটি স্বপ্নের শুরু, একটি সাংস্কৃতিক পরিবারের জন্ম। সেই পথচলার নাম প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউট (পিএফটিআই)।

আজ ১ সেপ্টেম্বর ২০২৬। দীর্ঘ ১৯ বছর ধরে পিএফটিআই তার শেকড়কে আঁকড়ে ধরে এগিয়ে চলেছে। গান, নাচ, কবিতা, নাটক, আলকাপ, কবিগান, পটগান, পুথি— আর আমাদের প্রাণের ঐতিহ্য চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী গম্ভীরা গান ও মেয়েলি গীত— লোকসংস্কৃতির প্রতিটি ধারা নিয়ে পিএফটিআই নিরলসভাবে চর্চা করে যাচ্ছে। এই পথচলায় আমারও কেটে গেছে ১৪টি বছর। এই সংগঠন শুধু আমার কাজের জায়গা নয়, এটি আমার ভালোবাসার জায়গা, আমার শেখার জায়গা, আমার বেড়ে ওঠার জায়গা।

এই ১৪ বছরে কত মানুষ এসেছে, কত স্মৃতি জমেছে, কত মঞ্চে আলো জ্বলে উঠেছে, আবার অনুষ্ঠান শেষে নিভেও গেছে কিন্তু মঞ্চের প্রতি ভালোবাসাটা কখনো নিভে যায়নি।

পিএফটিআই আমাকে শিখিয়েছে সংস্কৃতি শুধু বিনোদন নয়, সংস্কৃতি আমাদের শিকড়, আমাদের পরিচয়, আমাদের পূর্বপুরুষের রেখে যাওয়া ইতিহাস ও অস্তিত্বের কথা।

আজ ২০ বছরের এই বিশেষ দিনে শ্রদ্ধা জানাই সেইসব মানুষকে, যাদের শ্রম, ভালোবাসা ও স্বপ্নে পিএফটিআই আজকের অবস্থানে এসেছে। কৃতজ্ঞতা জানাই প্রত্যেক শিল্পী, কর্মী, সংগঠক, শুভাকাঙ্ক্ষী ও দর্শককে, যারা পিএফটিআই’র পথচলায় কোনো না কোনোভাবে পাশে থেকেছেন।

শ্রদ্ধা ও সম্মানের সাথে ধন্যবাদ জানাই প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেনকে। তিনি এতগুলো মানুষকে একটা পরিবারের মতো একই সুতোই বেঁধে রেখেছেন। আমাদের প্রতিভাগুলো বিকশিত করার সুযোগ করে দিয়েছেন। তিনি অত্যন্ত সংস্কৃতিমনা মানুষ, যার কারণে তিনি এই সংগঠনটিকে কারো আর্থিক সহযোগিতা ছাড়াই নিজের একান্ত চেষ্টায় সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

১৯ বছর পেরিয়ে প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউট আজও পথের যাত্রী। আমরা চাই, লোকসংস্কৃতির এই আলো আরো দূরে ছড়িয়ে পড়ুক, নতুন প্রজন্ম জানুক তাদের শিকড়ের কথা, জানুক গম্ভীরা, আলকাপ, পুথি, পটগান, কবিগান আর মেয়েলি গীতের কথা। পিএফটিআই বেঁচে থাকুক গানের সুরে, নাচের ছন্দে, কবিতার শব্দে, নাটকের সংলাপে, লোকজ ঐতিহ্যের প্রতিটি আয়োজনে।

শুভ ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউট। ১৯ বছরের এই পথচলায় আমার ১৪ বছরের ভালোবাসা, শ্রম আর স্মৃতি— আজও বলে যায় একটাই কথা— “প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউট শুধু একটি সংগঠনের নাম নয়, পিএফটিআই আমার সংস্কৃতি, পিএফটিআই আমার শেকড়, পিএফটিআই আমার ভালোবাসার এক টুকরো ঠিকানা।