মঙ্গলবার ০১ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ১৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 01, 2026
August 31, 2026
বিনোদন
বিনোদন

আসছে ‘ডেজ অব থান্ডার’-এর নতুন কিস্তি

Published: August 31, 2026 at 11:56 AM
আসছে ‘ডেজ অব থান্ডার’-এর নতুন কিস্তি

জনপ্রিয় স্পোর্টস-অ্যাকশন থ্রিলার সিনেমা ‘ডেজ অব থান্ডার’-এর নতুন কিস্তিতে হলিউড মেগাস্টার টম ক্রুজের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে যাচ্ছেন অস্কারজয়ী অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে। প্যারামাউন্ট পিকচার্সের ব্যানারে নির্মিত হতে যাওয়া এই সিক্যুয়েল ছবিটির আনুষ্ঠানিক মুক্তির তারিখও ঘোষণা করা হয়েছে। ২০২৮ সালের ২ জুন বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে আইম্যাক্স, ডলবি সিনেমা ও ফোরডিএক্স ফরম্যাটে আলোড়ন তুলতে আসছে ছবিটি। টনি স্কট পরিচালিত ১৯৯০ সালের মূল ছবিটির প্রায় ৩৮ বছর পর প্রেক্ষাগৃহে ফিরছে এই ফ্র্যাঞ্চাইজি। নতুন কিস্তিতে টম ক্রুজকে পুনরায় তার পুরোনো জনপ্রিয় চরিত্র ‘কোল ট্রিকল’ হিসেবে দেখা যাবে। গল্প নিয়ে আনুষ্ঠানিক গোপনীয়তা রক্ষা করা হলেও জানা গেছে, অ্যান হ্যাথাওয়েকে দেখা যাবে একটি রেসকার টিমের মালিক ও প্রকৌশলী চরিত্রে। সম্প্রতি টম ক্রুজ ও হ্যাথাওয়ে ন্যাসকার ট্র্যাকে একসঙ্গে একটি বিশেষ ছবি শেয়ার করে কাস্টিংয়ের বিষয়টি নিশ্চিত করেছেন। জোসেফ কোসিনস্কির পরিবর্তে ছবিটির পরিচালনার দায়িত্ব পেয়েছেন জোনাথন লেভিন। তবে সিনেমাটির প্রযোজনায় টম ক্রুজের পাশাপাশি থাকছেন আগের কিস্তির জেরি ব্রুকহাইমার ও টমি হার্পার। ১৯৯০ সালের প্রথম কিস্তিতে টম ক্রুজের সঙ্গে অভিনয় করেছিলেন রবার্ট ডুভাল, নিকোল কিডম্যান, র‌্যান্ডি কুয়েড ও জন সি রেলি। চলতি বছর অ্যান হ্যাথাওয়ে সময়টা কাটাচ্ছেন দুর্দান্ত গতিতে। এরই মধ্যে প্রেক্ষাগৃহে তার চারটি ছবি- ‘মাদার মেরি’, ‘দ্য ডেভিল ওয়ার্স প্রাডা ২’, ‘দ্য ওডিসি’ ও ‘দ্য এন্ড অব ওক স্ট্রিপ’ ব্যাপক সাড়া ফেলেছে। বছরের শেষভাগে তাকে দেখা যাবে কলিন হুভারের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘ভেরিটি’ সিনেমায়। এ ছাড়া তিনি ‘অ্যালন এট ডন’ ছবির শুটিং শেষ করে ‘দ্য প্রিন্সেস ডায়রিজ ৩’-এর কাজে হাত দিয়েছেন। অন্যদিকে, টম ক্রুজ তার দীর্ঘদিনের তুমুল জনপ্রিয় ‘মিশন: ইম্পসিবল’ ফ্র্যাঞ্চাইজির ইতি টানার পর এবার নতুন এই বিগ-বাজেট প্রজেক্টে মনোযোগ দিয়েছেন। সামনে ‘টপ গান’-এর নতুন কিস্তির পাশাপাশি অস্কারজয়ী পরিচালক আলেজান্দ্রো গনজালেস ইনারিতুর নতুন চলচ্চিত্র ‘ডিগার’-এও দেখা যাবে তাকে।