চাঁপাইনবাবগঞ্জে জনসাধারণের মধ্যে বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে নৈতিক মূল্যবোধ সৃষ্টি, দুর্নীতিবিরোধী চেতনা গড়ে তোলা এবং নতুন প্রজন্মকে মানবিক মানুষ তৈরির লক্ষে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা-২০২৬’র চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে নবাবগঞ্জ ক্লাব মিলনায়তনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
“রুখবো দুর্নীতি গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতার বিষয় ছিল ‘দুর্নীতি দমনে রাষ্ট্রীয় আইনই যথেষ্ট।’
প্রতিযোগিতায় মুখোমুখি হয় চির প্রতিদ্বন্দ্বী হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের তিন সদস্যের বিতার্কিক দল (পক্ষে) ও নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের তিন সদস্যের বিতার্কিক দল (বিপক্ষে)। এতে চ্যাম্পিয়ন হন বালিকারা।
হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের হয়ে বিষয়ের পক্ষে যুক্তি তুলে ধরেন মাহমুদুল হাসান ফাহিম, ফারহান কায়সার ও আব্দুল্লাহ নাফিস। অন্যদিকে নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের হয়ে বিপক্ষে যুক্তি তুলে ধরেন মাহবুবা ফেরদৌস, সাফিয়া আনজুম ও মায়িসা আনজুম। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন মাহবুবা ফেরদৌস।
বিচারকের দায়িত্ব পালন করেন জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাহীন সুলতানা, জেলা শিক্ষা অফিসার আব্দুল মতিন ও হেফজুল উলম এফকে কামিল মাদরাসার অবসরপ্রাপ্ত অধ্যাপক আজিজুর রহমান।
মর্ডারেটরের দায়িত্ব পালন করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি ও মাসুদ-উল-হক ইনস্টিটিউটের প্রধান শিক্ষক রোকসানা আহমদ।
বিতর্ক অনুষ্ঠান উপভোগ করেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী, দুর্নীতি দমন কমিশন-দুদক রাজশাহীর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. তানভীর আহমেদ সিদ্দীক। তারা বক্তব্যও দেন। তারা বলেন— এই প্রতিযোগিতা নতুন প্রজন্মের মধ্যে দুর্নীতিবিরোধী মনোভাব তৈরি করবে। প্রতিযোগিতাকে সফল বলে উল্লেখ করেন বক্তারা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবাবগঞ্জ সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ ইব্রাহিম হোসেন। সূচনা বক্তব্য দেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মসিউল করিম বাবু।
দুর্নীতি দমন কমিশন (দুদক), সমন্বিত জেলা কার্যালয় রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এই প্রতিযোগিতার আয়োজন করে।
এর আগে গত ১৭ ও ১৮ আগস্ট চাঁপাইনবাবগঞ্জের কল্যাণী মহিলা সংস্থার মার্জিনা হক অডিটোরিয়ামে এই প্রতিযোগিতার প্রথম ও সেমিফাইনাল অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় আটটি শিক্ষাপ্রতিষ্ঠানের বিতার্কিকরা অংশগ্রহণ করেন। অন্য ৬টি শিক্ষাপ্রতিষ্ঠান হলো— গ্রিনভিউ উচ্চ বিদ্যালয়, ফুলকুঁড়ি ইসলামিক অ্যাকাডেমি, নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়, মাসুদ-উল-হক ইনস্টিটিউট, বালিয়াডাঙ্গা ইসলামিয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও এমএম হক আইডিয়াল স্কুল।