চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত হচ্ছে ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। রবিবার বিকেলে নতুন স্টেডিয়ামে অনুষ্ঠিত তৃতীয় দিনের খেলায় বড় জয় পেয়েছে গোমস্তাপুর উপজেলা ফুটবল দল। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় ৪-০ গোলে ভোলাহাট উপজেলা দলকে হারিয়ে জয়লাভ করে গোমস্তাপুর উপজেলা দল।
খেলায় ২টি গোল করে ম্যাচ সেরা হন গোমস্তাপুর উপজেলা দলের মো. আবু বাক্কার।
বিকেল ৪টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা স্টেডিয়ামে (নতুন) এই খেলা শুরু হয়। ৯০ মিনিটের এই খেলা পরিচালনা করেন মো. সোহাগ। তাকে সহযোগিতা করেন সোহেল ও সুমন। নির্দিষ্ট সময়ে ৪-০ গোলের ব্যবধানে বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে গোমস্তাপুর উপজেলা দল।
এসময় উপস্থিত ছিলেন— জেলা ক্রীড়া অফিসার আবু জাফর মাহমুদুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব মশিউর রহমান মিটু ও সাবেক সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম তোফাসহ অন্যরা।
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা যৌথভাবে এই টুর্নামেন্টর আয়োজন করেছে। পৃষ্ঠপোষকতা করছে শিল্পপ্রতিষ্ঠান ‘এরফান গ্রুপ’।
আয়োজকরা জানান, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই স্থানীয় ক্রীড়াঙ্গনকে পুনরুজ্জীবিত করা এবং তরুণ প্রজন্ম, যুবক, কিশোর ও শিক্ষার্থীদের মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ ও সুন্দর ধারার খেলাধুলায় সম্পৃক্ত করা এই টুর্নামেন্টের অন্যতম উদ্দেশ্য।