সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 14, 2026
August 19, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

অনলাইন জুয়ার মহামারি প্রতিরোধে করণীয় নির্ধারণে সভা

Published: August 19, 2026 at 02:07 PM
অনলাইন জুয়ার মহামারি প্রতিরোধে করণীয় নির্ধারণে সভা

চাঁপাইনবাবগঞ্জে অনলাইন জুয়ার নীরব মহামারি প্রতিরোধে করণীয় নির্ধারণে এক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন এই সভার আয়োজন করে। 

জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন- জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক উজ্জ্বল কুমার ঘোষ, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. একরামুল হক, র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জের কমান্ডার ইফতেখার হোসেন মাহমুদ, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক আব্দুর রাজ্জাক, নবাবগঞ্জ কামিল মাদরাসার অধ্যক্ষ ড. ইমরান হোসেন, নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিনুর রহমান, সিটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মেহেদি হাসানসহ অন্যরা।

সভায় জেলা প্রশাসক তার বক্তব্যে জানান, আগে জুয়া খেলাগুলো এক জায়গায় বসে হতো। এখন আধুনিক সভ্যতার যুগে পরিবর্তন হয়ে তা অনলাইনে রূপ নিয়েছে। দ্রুত টাকা ইনকাম ও ভোগবিলাসের জন্য মানুষ লোভে পড়ে জুয়ায় আসক্ত হচ্ছে। বহু লোক এখন আর কায়িক পরিশ্রম করতে চায়ছে না। বাংলাদেশে অনলাইন জুয়ার গডফাদাররা বিদেশে বসে এসব পরিচালনা করছে।

তিনি আরো বলেন, দেশের মেহেরপুর, চুয়াডাঙ্গা, চাঁপাইনবাবগঞ্জসহ বিভিন্ন জায়গায় এখন এ জুয়া ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। বাংলাদেশে এ বছরের মে থেকে অদ্যবধি ২৬৮টি জুয়ার ওয়েবসাইট বন্ধ করা  হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, দেশে এখন ৫০ লাখের অধিক মানুষ জুয়ার সাথে জড়িত। সবচেয়ে আশঙ্কার কথা, দিন দিন শিক্ষার্থীরা জুয়ায় ঢুকে পড়ছে। এটি রোধ করতে হবে। এজন্য শিক্ষার্থীদের কাউন্সেলিং করতে হবে। সামাজিক মূল্যবোধ ও পারিবারিক ও শিক্ষার মাধ্যমেই এসব রোধ করতে হবে।