সোমবার ২৪ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: August 24, 2026
August 18, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে ১৪ ঘণ্টার ব্যবধানে সড়ক দুর্ঘটনায় ঝরল ৫ প্রাণ

Published: August 18, 2026 at 02:15 PM
চাঁপাইনবাবগঞ্জে ১৪ ঘণ্টার ব্যবধানে সড়ক দুর্ঘটনায় ঝরল ৫ প্রাণ

চাঁপাইনবাবগঞ্জে ১৪ ঘণ্টার ব্যবধানে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় চার মোটরসাইকেল আরোহীসহ প্রাণ হারিয়েছেন পাঁচজন। মঙ্গলবার ভোর ৫টার দিকে উপজেলার মুসলিমপুর এলাকা ও দুপুরে কানসাট সোলেমান মিয়া ডিগ্রি কলেজের সামনে দুর্ঘটনা দুটি ঘটে। এর আগে সোমবার রাত ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জে আতাহার এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় আরো এক সাইকেলচালক নিহত হন।

ভোরের দুর্ঘটনায় নিহতরা হলেন- শিবগঞ্জ উপজেলার বালিয়াদিঘী গ্রামের জমির উদ্দীনের ছেলে আবু হায়াত (৩৫) ও সাদিকুল ইসলামের ছেলে হাবিবুর রহমান (২০)। অন্যদিকে দুপুরের দুর্ঘটনায় নিহতরা হলেন- শিবগঞ্জ পৌরসভার শেখটোলা মহল্লার এরফান আলীর ছেলে আসাদ আলী (১৮) ও জাফর আলীর ছেলে জাবের আলী (১৯)। সাইকেল দুর্ঘটনায় নিহত হন সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের দিঘীপাড়ার মৃত আব্দুর রহিমের ছেলে কাজিম (৩৫)।

পুলিশ ও স্থানীয়রা জানান, ভোর ৫টার দিকে হায়াত ও হাবিবুর কাজ শেষে শিবগঞ্জ উপজেলার কানসাট থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথে মুসলিমপুর-টাকশালদিঘী পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে নির্মাণাধীন কালভার্টে আঘাত করে। এ সময় তারা খাদে পড়ে যায়। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

অন্যদিকে দুপুরে শিবগঞ্জের কানসাট এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মারা যান আসাদ ও জাফর। একটি ট্রাককে অতিক্রম (ওভারটেক) করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় নিহতদের মোটরসাইকেলের। এতে ঘটনাস্থলেই মারা যান আসাদ। আর হাসপাতালে নেয়ার পথে মারা যান জাবের।

শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আনিছুর রহমান বলেন, ভোরে নিহত হায়াত ও হাবিবুরের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুপুরে মৃত দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন জানান, সোমবার রাতে চাঁপাইনবাবগঞ্জে আতাহার এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় বাইসাইকেল চালক কাজিম গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।