মঙ্গলবার ১৮ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ৩রা ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ৪ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: August 18, 2026
August 18, 2026
বিনোদন
বিনোদন

যে কারণে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন পূজা

Published: August 18, 2026 at 01:02 PM
যে কারণে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন পূজা

বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সাম্প্রতিক সময়ে ছড়িয়ে পড়া নানা বিভ্রান্তিকর খবরে চরম বিরক্তি ও ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকাই চিত্রনায়িকা পূজা চেরি। গত সোমবার মধ্যরাতে সামাজিক মাধ্যমে এক পোস্টে অভিনেত্রী এ নিয়ে কড়া বার্তা দেন; পাশাপাশি আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দেন। ক্ষোভ প্রকাশ করে পূজা লেখেন, ‘গত কিছুদিন ধরে বিভিন্ন সংবাদমাধ্যমে আমার বিয়ে এবং ব্যক্তিগত জীবন নিয়ে একের পর এক ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করা হচ্ছে। কখনো অমুক পেশার কারো সাথে, কখনো অন্য কারো সাথে নাম জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে নিউজ তৈরি করা হচ্ছে-যা অত্যন্ত বিব্রতকর এবং দুঃখজনক।’ নিজের বাগদান ও বিয়ের প্রস্তুতি প্রসঙ্গে পূজা বলেন, ‘আমি আগেই একটি সাক্ষাৎকারে স্পষ্ট করে বলেছিলাম-আমি এনগেজড এবং পারিবারিকভাবেই আমার বিয়ে ঠিক করা হয়েছে। আমি এটাও নিশ্চিত করেছিলাম যে, যখনই আমার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে, আমি নিজেই তা প্রকাশ্যে অত্যন্ত আনন্দের সাথে সবাইকে জানাব।

লুকানোর কিছু নেই।’ বর্তমানে ক্যামেরার নেপথ্যে থাকার কারণ ব্যাখ্যা করে তিনি লেখেন, ‘বর্তমানে আমি নিজেকে কিছুটা সময় দিচ্ছি, নতুন কাজের জন্য নিজেকে প্রস্তুত করছি এবং সেই কারণেই ক্যামেরার সামনে অনুপস্থিত।’ সংবাদমাধ্যমের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে তিনি কড়া ভাষায় বলেন, ‘কোনো তথ্য যাচাই না করে বারবার আমাকে জড়িয়ে এভাবে অসত্য সংবাদ প্রকাশ করার পেছনে উদ্দেশ্য কী, তা আমার বোধগম্য নয়। বারবার বলতে চাই-আমার এখনো বিয়ে হয়নি। যখন হবে, আপনারাই প্রথম জানতে পারবেন।’ আইনি দিক মনে করিয়ে দিয়ে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘অনুমতি ছাড়া কারও ব্যক্তিস্বাধীনতায় হস্তক্ষেপ করা এবং কোনো নাগরিককে নিয়ে ভিত্তিহীন বা মিথ্যা তথ্য প্রচার করা আইনত দণ্ডনীয় অপরাধ।

বাংলাদেশের সংবিধানের ৩১ ও ৪৩ অনুচ্ছেদ অনুযায়ী প্রত্যেক নাগরিকের আইনি সুরক্ষা এবং তার ব্যক্তিগত জীবনের গোপনীয়তা ও সুনাম রক্ষার পূর্ণ অধিকার রয়েছে। সাইবার নিরাপত্তা আইন, ২০২৩-এর ২৫ ধারা অনুযায়ী ইন্টারনেটে বা ডিজিটাল মাধ্যমে ইচ্ছাকৃতভাবে কোনো ব্যক্তি সম্পর্কে মিথ্যা, অপমানজনক বা বিভ্রান্তিকর তথ্য প্রচার করা একটি শাস্তিযোগ্য অপরাধ।’ সবশেষে সাংবাদিক ও সংবাদকর্মীদের বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশনের আহ্বান জানিয়ে পূজা লেখেন, ‘আমি সবসময় আপনাদের ভালোবাসা ও গণমাধ্যমের সহযোগিতাকে সম্মান জানিয়ে এসেছি। কিন্তু আমার নীরবতাকে কেউ যদি ভিত্তিহীন সংবাদের সুযোগ বানিয়ে নেয়, তবে আমি নিজের আইনি অধিকার রক্ষায় বাধ্য হব। আশা করি, সাংবাদিক ভাই-বোনেরা ও গণমাধ্যমকর্মীরা বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশন করবেন এবং অসত্য নিউজ প্রকাশ করা থেকে বিরত থাকবেন।’