চাঁপাইনবাবগঞ্জের হতদরিদ্র মেয়ে মোসা. ইতি খাতুন উচ্চতর লেখাপড়া চালিয়ে যাওয়ার জন্য সহযোগিতা কামনা করেছেন। শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের সাবেকলাভাঙ্গা গ্রামের মেয়ে ইতি খাতুন এবারের এসএসসি পরীক্ষায় মানবিক বিভাগে সর্বোচ্চ নম্বর পেয়ে উপজেলায় প্রথম হওয়ার কৃতিত্ব অর্জন করেছেন।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, ইতি খাতুন রানীহাটি বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। শিবগঞ্জ কেন্দ্রে তার রোল নম্বর ৪১২৫৭৩। সর্বমোট ১২৫০ নম্বরের মধ্যে সর্বোচ্চ ১০৫৮ নম্বর পেয়ে উপজেলায় মানবিক বিভাগে প্রথম হয়েছেন।
ইতি তার সাফল্যের ব্যাপারে জানান, শিক্ষকরা পড়াশোনার ব্যাপারে প্রয়োজনীয় সহযোগিতা করছেন। এছাড়া একটি কোচিং সেন্টারের শিক্ষকরা এসএসসি পরীক্ষার জন্য প্রয়োজনীয় নোট, সাজেশনসহ উৎসাহ জুগিয়েছেন। এজন্য তিনি সবার কাছে কৃতজ্ঞ। ইতি বলেন, তার মা পড়ার সময় পাশে থেকে সবসময় উৎসাহ দিয়েছেন।
ইতির জীবনে কষ্ট, এসএসসি পরীক্ষা চলাকালীন তার অসুস্থ বাবা মারা যান। পরিবারে উপার্জন করার মতো কোনো সদস্য না থাকায় মেধাবী এই শিক্ষার্থী তার পড়াশোনা নিয়ে বেশ উদ্বিগ্ন।
তাই ইতি তার লেখাপড়া সুষ্ঠুভাবে চালিয়ে যাওয়ার জন্য সরকারসহ সমাজের বিভিন্নজনের সহযোগিতা ও দোয়া চেয়েছেন। আর্থিক সহযোগিতার জন্য-০১৭১৩-৮২৮৩৫৮ এই নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করেন ইতি খাতুন।