চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের অক্ট্রয়মোড় বেলেপুকুর মহল্লার বাসিন্দা, রাজরামপুর হামিদুল্লাহ উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক, রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম-এর নিয়মিত শ্রোতা, সাবেক কথাবন্ধু এবং জনপ্রিয় অনুষ্ঠান ‘ফিরে দেখা’র প্রযোজক আলী আশরাফ বাবু আর নেই। বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৬টায় রাজশাহী হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্ত্রী, এক কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন, শিক্ষার্থী, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।
পরিবার সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। তার নামাজে জানাজা আজ শুক্রবার সকাল ১০টায় বেলেপুকুর সরকারি গোরস্থান প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। পরে সেখানেই তাঁকে দাফন করা হবে।
আলী আশরাফ রেডিও মহানন্দার সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত ছিলেন। প্রতি মঙ্গলবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত সম্প্রচারিত জনপ্রিয় ফোক গানের অনুষ্ঠান ‘নিক্কন’-এ তিনি দীর্ঘ সময় কথাবন্ধু হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি ইতিহাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা, জন্ম, মৃত্যু ও দিবস নিয়ে নির্মিত অনুষ্ঠান ‘ফিরে দেখা’র প্রযোজক হিসেবেও কাজ করেন তিনি।
রেডিও মহানন্দা প্রতিষ্ঠার শুরু থেকেই তিনি একজন শুভাকাঙ্ক্ষী ও নিয়মিত শ্রোতা হিসেবে যুক্ত ছিলেন। গণমাধ্যমের পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও উন্নয়নধর্মী প্রতিষ্ঠানের সঙ্গেও সম্পৃক্ত ছিলেন এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন।
তার মৃত্যুতে রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম-এর প্রধান নির্বাহী কর্মকর্তা হাসিব হোসেন, স্টেশন ম্যানেজার আলেয়া ফেরদৌস এবং রেডিও মহানন্দা পরিবারের সকল সদস্য গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।