চাঁপাইনবাবগঞ্জে অসহনীয় লোডশেডিং বন্ধ করে নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহের দাবিতে মোমবাতি সমাবেশ করেছেন ছাত্র-জনতা। বৃহস্পতিবার বাদ মাগরিব জেলাশহরের শান্তি মোড় এলাকায় এ কর্মসূচি পালন করেন তারা।
সমাবেশে বক্তারা বলেন- অসহনীয় লোডশেডিংয়ের কারণে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। বিশেষ করে গ্রামের মানুষের দুর্ভোগ সবচেয়ে বেশি হচ্ছে। শিক্ষার্থীরা পড়াশোনায় মনোযোগী হতে পারছেন না। বয়স্ক ও শিশুরা তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পড়ছেন। কলকারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে, দরিদ্র অটোরিকশা চালকরা ঠিকমতো ব্যাটারি চার্জ করতে পারছেন না। কৃষক সময়মতো জমিতে সেচ দিতে পারছেন না। কাজেই লোডশেডিং কমিয়ে এনে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ দেয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান বক্তারা।
সমাবেশে বক্তব্য দেন- আল বশরী সোহান, মুত্তাসিন বিশ্বাস, সাদ হোসেন মুজাহিদ, বায়েজিদ ইসলাম জীবন ও মাহিন সরকারসহ অন্যরা।