বুধবার ১২ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ২৭ সফর ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
গোমস্তাপুরে সারের দাবিতে কৃষকের বিক্ষোভ চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিয়ন্ত্রণে করণীয় নির্ধারণে মতবিনিময় জেলা প্রশাসনের চাঁপাইনবাবগঞ্জে লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ শিক্ষার্থীদের চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় সেবার মানোন্নয়ন নিয়ে আলোচনা সরকারি খরচায় ৪ লাখ ৭৮ হাজার ৭২ মামলায় আইনি সহায়তা প্রদান রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : রুহুল কবির রিজভী কৃত্রিম বুদ্ধিমত্তা ও রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি : তথ্যমন্ত্রী দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় নিহত ১, অ্যাম্বুলেন্স ক্ষতিগ্রস্ত জিম্বাবুয়েতে ফেরি ডুবে ১৫ জনের প্রাণহানি, নিখোঁজ ২৭ এবার নতুন রূপে দেখা যাবে মাধুরীকে
Printed on: August 12, 2026
August 12, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ শিক্ষার্থীদের

Published: August 12, 2026 at 02:32 PM
চাঁপাইনবাবগঞ্জে লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষোভ  সমাবেশ শিক্ষার্থীদের

চাঁপাইনবাবগঞ্জে দিন-রাতে অতিরিক্ত লোডশেডিংয়ের প্রতিবাদসহ ৮ দফা দাবিতে বিক্ষোভ-সমাবেশ করেছেন শিক্ষার্থীরা।

বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের সাধারণ শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন।

এর আগে বারঘরিয়ার পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাস এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে অবস্থান নেয়।

কর্মসূচি চলাকালে বক্তব্য দেন- চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রিক্যাল টেকনোলজি বিভাগের শিক্ষার্থী মাসুম বিল্লাহ, কম্পিউটার টেকনোলজি বিভাগের শিক্ষার্থী রিপন আলী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা ও এই শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র আব্দুর রাহিম।

বক্তারা বলেন, বর্তমানে পলিটেকনিক ইনস্টিটিউটে পর্ব সমাপনী পরীক্ষা চলছে। এ সময় দিন-রাতে মাত্রাতিরিক্ত ও অঘোষিত লোডশেডিংয়ের কারণে শিক্ষার্থীরা পড়াশোনায় মনোযোগ দিতে পারছে না। ফলে তাদের কাঙ্ক্ষিত ফলাফল ও ভবিষ্যৎ চরম অনিশ্চয়তার মুখে পড়েছে।

তারা আরো উল্লেখ করেন, বিদ্যুতের এই সংকটে পরীক্ষার প্রস্তুতির পাশাপাশি জেলাজুড়ে ব্যবসা-বাণিজ্য, হাসপাতাল ও চিকিৎসা সেবা এবং গৃহস্থালির দৈনন্দিন কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে গ্রাম ও শহরের মধ্যে বিদ্যুৎ বণ্টনে চরম বৈষম্য করা হচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেন তারা।

সমাবেশ শেষে শিক্ষার্থীরা তাদের ৮ দফা দাবি বাস্তবায়নের লক্ষে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি দেন। 

তাদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে- বারঘরিয়া সংলগ্ন চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ও আশপাশের এলাকায় অযৌক্তিক লোডশেডিং অবিলম্বে বন্ধ করা; সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা; ওই এলাকার বিদ্যুৎ সংযোগ ব্যবস্থা পিডিবি বা নেসকোর আওতায় আনা।

দ্রুত সময়ের মধ্যে এসব দাবি আদায় ও বিদ্যুতের সমস্যা সমাধান না হলে সাধারণ শিক্ষার্থীদের স্বার্থে আন্দোলন আরো কঠোর করার হুঁশিয়ারি দেন বক্তারা।