মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ২৬ সফর ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: August 11, 2026
August 11, 2026
বিনোদন
বিনোদন

রাশিয়ার চলচ্চিত্র উৎসবে যাচ্ছে বাংলাদেশের ‘অতল’

Published: August 11, 2026 at 09:28 AM
রাশিয়ার চলচ্চিত্র উৎসবে যাচ্ছে বাংলাদেশের ‘অতল’

রাশিয়ার ‘ইস্ট অ্যান্ড ওয়েস্ট: ক্ল্যাসিকস অ্যান্ড অ্যাভান্ট-গার্ড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এর ১৯তম আসরে স্থান করে নিয়েছে ‘আদিম’ খ্যাত নির্মাতা যুবরাজ শামীমের নতুন সিনেমা ‘অতল’। উৎসবের মূল আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে সিনেমাটি। রাশিয়ার ওরেনবুর্গে আগামী ২১ থেকে ২৭ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে এই আয়োজন। এই উৎসব ‘ওরেনবুর্গ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ নামেও পরিচিত। আসরে অংশ নিতে আগামী ১৯ আগস্ট রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়বেন নির্মাতা শামীম। উৎসব কর্তৃপক্ষ চলচ্চিত্রটির দুটি প্রদর্শনী আয়োজনের অনুমতি চেয়েছে। এর মধ্যে একটি প্রতিযোগিতা বিভাগের আনুষ্ঠানিক প্রদর্শনী এবং অন্যটি সিনেমাটি পুরস্কৃত হলে সমাপনী অনুষ্ঠানে বিজয়ী হিসেবে দ্বিতীয়বার প্রদর্শনী। জানা গেছে, চলচ্চিত্র নির্বাচনের পাশাপাশি উৎসব চলাকালে নির্মাতা যুবরাজ শামীমকে দুটি মাস্টারক্লাস পরিচালনার আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে কর্তৃপক্ষ। সেখানে তিনি স্বাধীন চলচ্চিত্র নির্মাণ, স্বল্প সম্পদে সিনেমা তৈরির অভিজ্ঞতা ও নিজস্ব চলচ্চিত্রভাষা নিয়ে কথা বলবেন। চলচ্চিত্র নির্বাচন ও উৎসবের আমন্ত্রণ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে যুবরাজ শামীম জানান, ‘অতল’ মূলত প্রচলিত ধারার কোনো চলচ্চিত্র নয়। দর্শক কিংবা চলচ্চিত্র উৎসব কাউকেই বাণিজ্যিক বা প্রথাগত উদ্দেশ্যে সন্তুষ্ট করার জন্য এটি নির্মাণ করা হয়নি। এমন প্রেক্ষাপটে কোনো আন্তর্জাতিক উৎসব যখন সিনেমাটির প্রতি আগ্রহ দেখায়, তখন নিজের শিল্পভাষাকে নতুন করে খুঁজে পাওয়ার তাগিদ আরও জোরদার হয়। এর আগে চলতি বছরের এপ্রিলে সিনেমাটি মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়। ‘অতল’-এর চিত্রনাট্যে মূলত অস্তিত্ব সংকটে ভোগা একজন মানুষের মনস্তত্ত্ব তুলে ধরা হয়েছে। এটি শামীমের প্রযোজনা প্রতিষ্ঠান ‘দরবার শরীফ’ প্রযোজিত প্রথম সিনেমা। ছবিটিতে অভিনয়ের পাশাপাশি চিত্রগ্রহণের দায়িত্ব সামলেছেন নাঈম তুষার। এ ছাড়া শব্দগ্রহণে ছিলেন রিপন নাথ, কালার গ্রেডিংয়ে আবদুল্লাহ্ রাকিব এবং পোস্টার ডিজাইন করেছেন মেঘদল ব্যান্ডের শিবু কুমার শীল।