চাঁপাইনবাবগঞ্জে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়নে স্থানীয় পর্যায়ে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, উন্নয়ন সংস্থা, গণমাধ্যম ও সুশীল সমাজের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করে ‘এসডিজি বাস্তবায়নে অগ্রগতি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের হলরুমে অ্যাসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিস ইন বাংলাদেশ (এডাব)-এর চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে মূল প্রবন্ধ ও বিষয়বস্তু উপস্থাপনা করেন এডাব রাজশাহী বিভাগের বিভাগীয় সমন্বয়কারী মো. আবু সাঈদ। এডাব চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মারুফ আফজাল রাজনের প্রতিনিধি অ্যাকাডেমিক সুপারভাইজার মো. আব্দুল আলীম উপস্থিত ছিলেন।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন দিলু, সোনামসজিদ প্রেস ক্লাবের সভাপতি ফয়সাল আজম অপু, সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সদর মডেল থানার অফিসার ইনচার্জ একরামুল হোসাইনের প্রতিনিধি এসআই সেলিম রেজা, অ্যাডভোকেট ফাতিমা পারভিন বন্যা, আদিবাসী নেতা কর্নেলিউস মুর্মু।
সেমিনারে সদর উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, প্রতিবন্ধী প্রতিনিধি, আদিবাসী প্রতিনিধি, হিজড়া প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, আইনজীবী, বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা অংশ নেন।