চাঁপাইনবাবগঞ্জে প্রায় অর্ধকোটি ভারতীয় জাল রুপিসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে র্যাব জানিয়েছে। গত শনিবার রাতে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বালুবাগান মহল্লার একটি ভাড়াবাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার মন্দিখোর গ্রামের সাইদুর রহমানের ছেলে মো. শামীম আলী (৩২) ও চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা চৌধুরীপাড়ার মো. মনিরুল ইসলামের ছেলে মো. তসিকুল ইসলাম (৩০)।
রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প এই তথ্য জানিয়েছে।
র্যাব আরো জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ১১টার দিকে বালুবাগান এলাকায় মো. মইদুল ইসলামের মালিকানাধীন তিনতলা ভবনের দ্বিতীয় তলার একটি ইউনিটে র্যাবের একটি দল অভিযান চালায়। অভিযানে মো. শামীম আলী ও মো. তসিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪৩ লাখ ৪৫ হাজার ৬০০ ভারতীয় রুপির জাল নোট এবং জাল রুপি তৈরি করার সরঞ্জাম উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন যাবৎ ওই ভাড়া বাসায় জাল টাকা তৈরি করে বিভিন্ন জায়গায় সরবরাহ করে আসছিল বলেও র্যাব জানায়।
এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। র্যাব আরো জানায়, এর মূল হোতাকে ধরতে কাজ শুরু করেছে র্যাব।