বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 24, 2026
August 04, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে জামায়াতের মানববন্ধন

Published: August 04, 2026 at 02:25 PM
চাঁপাইনবাবগঞ্জে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে জামায়াতের মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জে অসহনীয় লোডশেডিং বন্ধ করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং প্রিপেইড মিটার প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার সকালে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা ও সদর উপজেলা জামায়াতের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয়। 

ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এতে বক্তব্য দেন- জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মোখলেশুর রহমান, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আবু বকর, সদর উপজেলা জামায়াতের আমির হাফেজ আব্দুল আলীম এবং পৌর জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট শফিক এনায়েতুল্লাহ, জামায়াত নেতা অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী আসাদসহ দলটির নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমানে পুরো চাঁপাইনবাবগঞ্জ জেলায় বিদ্যুৎ খাতে চরম অব্যবস্থাপনা ও জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। দিন-রাত মিলিয়ে কয়েক ঘণ্টা বিদ্যুৎ থাকলেও বেশিরভাগ সময় না থাকায় সাধারণ মানুষের জীবনযাত্রা অচল হয়ে পড়েছে। তীব্র লোডশেডিংয়ের কারণে একদিকে চলমান এইচএসসি পরীক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হচ্ছে, অন্যদিকে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসা সেবা ভেঙ্গে পড়েছে, রোগীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। এছাড়া সেচ পাম্প বন্ধ থাকায় কৃষিজমি শুকিয়ে যাচ্ছে, বাসাবাড়িতে বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে এবং মিল-কারখানা বন্ধ থাকাছে, ফলে ব্যবসায়ীরা লোকসানে পড়ছেন। পাশাপাশি ত্রুটিপূর্ণ প্রিপেইড মিটারের মাধ্যমে অতিরিক্ত টাকা কেটে নেয়ারও অভিযোগ তোলেন তারা।

মানববন্ধন শেষে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও ডিজিটাল প্রিপেইড মিটার প্রত্যাহারের দাবিতে জেলা প্রশাসক, নেসকোর নির্বাহী প্রকৌশলী ও পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।