বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 24, 2026
August 03, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

প্রয়াস সদস্যদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে চালু হচ্ছে ‘সুরক্ষা সেবা’

Published: August 03, 2026 at 02:26 PM
প্রয়াস সদস্যদের স্বাস্থ্যসেবা  নিশ্চিতে চালু হচ্ছে ‘সুরক্ষা সেবা’

চাঁপাইনবাবগঞ্জে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ঋণগ্রহীতাদের মধ্যে নিম্নআয়ের সদস্যদের বিমাযোগ্য ঝুঁকি চিহিৃতকরণ, ঝুঁকি নিরসনে আর্থিক সেবা প্রদানের মাধ্যমে আয় ও সম্পদ ক্ষয় হ্রাস করা এবং এর মাধ্যমে সদস্যদের মাতৃত্ব সুরক্ষা, স্বাস্থ্য সুরক্ষা, সম্পদ সুরক্ষা ও ঋণ সুরক্ষা প্রদান করার লক্ষে চালু হচ্ছে ‘সুরক্ষা সেবা’।   

এই লক্ষে সোমবার শহরের বেলেপুকুরে অবস্থিত প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির নকীব হোসেন মিলনায়তনে সুরক্ষা সেবা নির্দেশিকা বিষয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। এতে প্রয়াসের কর্মকর্তারা অংশ নেন।

বিকেলে এই ওরিয়েন্টেশনের উদ্বোধন করেন প্রয়াসের পরিচালক (কার্যক্রম) পঙ্কজ কুমার সরকার। এতে সহকারী কর্মসূচি ব্যবস্থাপক রবিউল ইসলাম, সিনিয়র অফিসার শাহরিয়ার শিমুলসহ অন্যরা উপস্থিত ছিলেন।

প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা কার্যক্রম সম্পর্কে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেন প্রয়াসের সহকারী পরিচালক মু. তাকিউর রহমান। এই সময় তিনি বলেন, সুরক্ষা সেবার আওতায় মাতৃত্ব সুরক্ষার মধ্যে রয়েছে- নরমাল ডেলিভারি, সি-সেকশন (সিজারিয়ান) ডেলিভারি ও জরায়ু অপরেশন। স্বাস্থ্য সুরক্ষার আওতায় রয়েছে- অ্যাপেন্ডিসাইটিস অপারেশন, ছানি অপারেশন, সম্পূর্ণ স্থায়ী শারীরিক অক্ষমতা (অঙ্গহানি), হাসপাতাল নগদ সুবিধা। সম্পদ সুরক্ষার জন্য এককালীন ১০ হাজার টাকা। এছাড়া ঋণ সুরক্ষায় মৃত্যুজনিত কারণে ঋণগ্রহীতার ঋণস্থিতি ও সার্ভিস চার্জ মওকুফ, দাফন/অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য ৫ হাজার টাকা নগদ আর্থিক সহায়তা।