বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 24, 2026
August 01, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে রেললাইনের পাশ থেকে একজনের গলিত মরদেহ উদ্ধার

Published: August 01, 2026 at 02:04 PM
চাঁপাইনবাবগঞ্জে রেললাইনের পাশ থেকে একজনের গলিত মরদেহ উদ্ধার


চাঁপাইনবাবগঞ্জে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ| শনিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মহাডাঙ্গা রেলসেতুর পাশের একটি পুকুরপাড়ের ঝোপের মধ্যে থেকে মরদেহটি উদ্ধার করা হয়|

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরে মহাডাঙ্গা রেলসেতুর পাশে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা| খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে| পরে বিকেল পৌনে ৪টার দিকে মরদেহটি ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়|

তিনি আরো জানান, উদ্ধার হওয়া মরদেহটি বেশ কয়েকদিন আগের হওয়ায় অর্ধগলিত অবস্থায় ছিল| প্রাথমিকভাব ধারণা করা হচ্ছে, ট্রেন থেকে পড়ে গিয়ে বা অন্য কোনোভাবে মৃত্যু হতে পারে| তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে|

তিনি আরো জানান, রাজশাহী থেকে সিআইডির ক্রাইম সিনের একটি টিম ঘটনাস্থলে এসে আলামত সংগ্রহ করেছে| মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে| নিহত ব্যক্তির বয়স আনুমানিক ১৫ থেকে ২৫ বছরের মধ্যে হতে পারে| এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি|

এদিকে ঘটনাস্থলে দেখা যায়, মরদেহের মাথা ও হাতের মাংস এরই মধ্যে পোকায় খেয়ে ফেলেছে| দেহের মাংসও খসে পড়ছে|