জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষ উদযাপন, গণভোটের রায় ও জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং গণহত্যার বিচার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী ছাত্রশিবির| কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার বিকেল সাড় ৫টার দিকে ইসলামী ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ শহর শাখা এই কর্মসূচির আয়োজন করে|
বিক্ষোভ মিছিলটি নবাবগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শহরের শান্তি মোড়ে গিয়ে শেষ হয়| মিছিল থেকে গণভোটের রায় ও জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে বিভিন্ন স্লোগান দেয়া হয়| পরে শান্তি মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়|
সমাবেশ বক্তব্য দেন, চাঁপাইনবাবগঞ্জ শহর ছাত্রশিবিরের সাবেক সভাপতি অ্যাডভোকেট শফিক এনায়েতুল্লাহ ও অ্যাডভোকেট গোলাম মোস্তফা, চাঁপাইনবাবগঞ্জ শহর ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আল গালিব ও সেক্রেটারি আব্দুর রহমান| এসময় অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন|
সমাবেশে বক্তারা বলেন, গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে দেশের মানুষের প্রত্যাশার প্রতিফলন ঘটাতে হবে| জুলাই আন্দোলনে যারা জীবন দিয়েছেন এবং যারা আহত হয়েছেন, তাদের আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন করা প্রয়োজন| একই সঙ্গে জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের সুষ্ঠু ও নিরপেক্ষ বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান বক্তারা|