চাঁপাইনবাবগঞ্জে কালেক্টরেট গ্রিন ভিউ উচ্চবিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে ট্রাফিক ও অন্যান্য আইনের প্রাথমিক ধারণা বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষে এক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে| বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাফিক পুলিশ এই কর্মশালার আয়োজন করে|
কর্মশালায় প্রধান অতিথি ও আলোচক হিসেবে বিস্তারিত আলোচনা করেন চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস|
পুলিশ সুপার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “আজকের কোমলমতি শিক্ষার্থীরাই আগামী দিনের সচেতন নাগরিক| তাই আইন জানা প্রত্যেক নাগরিকের কর্তব্য|” তিনি বলেন, ছোটবেলা থেকেই ট্রাফিক আইন মেনে চলার অভ্যাস গড়ে তুলতে হবে| জেব্রা ক্রসিং, ফুটওভার ব্রিজ, ট্রাফিক সিগন্যাল ইত্যাদির ব্যবহার এবং গাড়ি চালানোর আইনানুগ বাধ্যবাধকতার মাধ্যমে আমরা নিজেরা নিরাপদ থাকব এবং অন্যকেও নিরাপদ রাখব|
এছাড়াও কর্মশালায় শিক্ষার্থীদের মাদক, যৌতুক, বাল্যবিয়ে, ইভটিজিং, ব্যাড টাচ প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়| শিক্ষার্থীরাও বিভিন্ন প্রশ্নের মাধ্যমে তাদের জিজ্ঞাসা তুলে ধরেন|
কুইজ টেস্টের মাধ্যমে সঠিক উত্তর দাতা ছাত্র-ছাত্রীদেরকে পুরস্কৃত করা হয়|
কর্মশালায় গ্রিন ভিউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, ট্রাফিক পুলিশের পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) মো. সফিকুল আলমসহ ট্রাফিক পুলিশ এবং বিদ্যালয়ের অন্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন|