একটা সময় বর্ষাকালে গানের অনুষ্ঠান সেভাবে হতো না| বছর কয়েক হলো বর্ষাকালেও নিয়মিত হচ্ছে কনসার্ট, সংগীতানুষ্ঠান| তবে গত দুই বছর অন্তর্বর্তী সরকারের সময় নানা কারণে অনিয়মিত হয়ে পড়ে এসব আয়োজন| অনুমতি জটিলতা, ভেন্যুসংকটসহ নানা সমস্যা কাটিয়ে আবার বর্ষায় নিয়মিত হচ্ছে গানের অনুষ্ঠান| ২৪ জুলাই থেকে আগামী ১ আগস্ট ঢাকায় হতে যাচ্ছে ছয়টি কনসার্ট| যেখানে সংগীত পরিবেশন করবেন দেশ-বিদেশের বড় তারকারা|
‘মেইন স্টেজ ফিচারিং আতিফ আসলাম’
‘মেইন স্টেজ ফিচারিং আতিফ আসলাম’ কনসার্টটি হওয়ার কথা ছিল গত ১৩ ডিসে¤^র| আয়োজক প্রতিষ্ঠান সব প্রস্তুতি সম্পন্ন করেছিল, টিকিট বিক্রিও চলছিল| তবে শেষ মুহূর্তে নিরাপত্তার কারণে স্থগিত হয়ে যায় ওই কনসার্ট| সেটিই হবে ২৪ জুলাই|কনসার্ট নিয়ে এর মধ্যেই ভিডিও বার্তা দিয়েছেন আতিফ| আয়োজক প্রতিষ্ঠান জানিয়েছে, কনসার্টের জন্য সব ধরনের অনুমতিও মিলেছে| রাজধানীর ৩০০ ফিট-সংলগ্ন ক্রিকেটার্স একাডেমিতে ২৪ জুলাই আয়োজনটি হবে| আতিফ আসলাম ছাড়াও গাইবে দেশের আলোচিত দুই ব্যান্ড-মেঘদল ও লেভেল ফাইভ| বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত কনসার্ট চলবে|
রুনা লায়লা: সম্মাননা ও একক সংগীতানুষ্ঠান
২৪ জুলাই সন্ধ্যা সাড়ে ছয়টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে সংগীতশিল্পী রুনা লায়লাকে সম্মাননা জানানো হবে| পরে পছন্দের ১০টি গান পরিবেশন করবেন তিনি| গত বছর সাবিনা ইয়াসমীন ও চলতি বছর ˆসয়দ আবদুল হাদীকেও সম্মাননা জানায় সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়| আগের দুই আয়োজন ছিল আমন্ত্রিত দর্শকদের জন্য, তবে এবার টিকিট কিনে রুনা লায়লার আয়োজনটি উপভোগ করার সুযোগ পাবেন শ্রোতারা| শিল্পকলা একাডেমির পক্ষ থেকে জানানো হয়েছে, টিকিট বিক্রির অর্থ বন্যার্তদের সাহায্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান দেওয়া হবে| টিকিটের মূল্য দুই, তিন ও পাঁচ হাজার টাকা| মেলোডি মোজাইক: মোজি অ্যান্ড কোং
মৌলিক গানের পাশাপাশি কাভার গান করেও তরুণদের মধ্যে আলোচিত সংগীতশিল্পী ভেন্দু দাশ শুভ ও সানজিদা মাহমুদ নন্দিতা| দুজন একসঙ্গে মোজি অ্যান্ড কোং পেজ থেকে গানগুলো প্রকাশ করে থাকেন| ৩০ জুলাই সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে তাঁরা গাইবেন রাজধানীর তেজগাঁওয়ের ইয়ামাহা ফ্ল্যাগশিপ সেন্টারে| টিকিটের মূল্য দুই হাজার টাকা| অনুষ্ঠানটির আয়োজক নূরস ইভেন্ট|
দুই ট্রিবিউট কনসার্ট
৩১ জুলাই ঢাকায় হবে দুটি ট্রিবিউট কনসার্ট| মাইকেল জ্যাকসনের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশেষ কনসার্টের আয়োজন করছে ওয়ারফেজ| ৩১ জুলাই ‘মাইকেল জ্যাকসন ট্রিবিউট’ কনসার্টটি হবে বাংলাদেশ-চীন ˆমত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে| কনসার্টটি যৌথভাবে আয়োজন করছে ব্র্যান্ডমিথ ও মার্স অ্যান্ড কো| টিকিটের দাম ১ হাজার ৫০০, ২ হাজার ও ৫ হাজার টাকা| একই দিনে রাজধানীর বনানীর বাটারনোট ক্যাফেতে অঞ্জন দত্তকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে হবে ‘একদিন বৃষ্টিতে বিকেলে...’| কনসার্টে গাইবেন জয় শাহরিয়ার, আহমেদ হাসান সানি ও শুভ্র| অঞ্জন দত্তের গানের পাশাপাশি আয়োজনে নিজেদের গানও পরিবেশন করবেন এই তিন শিল্পী| কনসার্টের আয়োজন করেছে আজব কারখানা| টিকিটের দাম ৭০০ টাকা ও ১ হাজার টাকা (অন স্পট)| ‘ওয়ান ট্রু সাউন্ড’
জটিলতা কাটিয়ে অবশেষে ঢাকায় আসছেন ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী, গীতিকার ও সুরকার অনুপম রায়| আগামী ১ আগস্ট ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে হবে তাঁর ‘ওয়ান ট্রু সাউন্ড’ কনসার্ট| গত ২৬ জুন একই ভেন্যুতে কনসার্টটির আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন করেও অনিবার্য কারণে অনুষ্ঠানটি স্থগিত করা হয়| এখনো টিকিটের দাম প্রকাশ করেননি আয়োজকেরা|