চাঁপাইনবাবগঞ্জে ১৬ কেজি গাঁজা জব্দ করেছে ডিএনসি| এই গাঁজার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক নারীসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে| গ্রেপ্তার অন্যদের মধ্যে ওই নারীর স্বামী ও বাবাও রয়েছেন|
গত মঙ্গলবার রাত ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের হরিপুর বাজারস্থ পরিবহন শ্রমিক কল্যাণ ফিলিং স্টেশনের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়|
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান এই তথ্য জানিয়েছেন|
তিনি জানান, ডিএনসির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ১০টার দিকে হরিপুর বাজার এলাকায় পরিবহন শ্রমিক কল্যাণ ফিলিং স্টেশনের সামনে অভিযান চালায়| এসময় ঢাকা হতে আসা একটি এসি বাস তল্লাশি করে ৩টি ব্যাগের ভেতর থেকে ৮টি গাঁজার প্যাকেট, প্রতি প্যাকেটে ২ কেজি করে মোট ১৬ কেজি গাঁজাসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়| গ্রেপ্তাারকৃতরা হলেন— জেলার শিবগঞ্জ উপজেলার তেলকুপি বিশ্বাসটোলার মো. জেমের ছেলে মো. সুইট (২৪), কাশিয়াবাড়ি গ্রামের মৃত দুখুর উদ্দিনের ছেলে মো. মতিউর রহমান (৪০), তারাপুর পোড়াপাড়ার মৃত নূর ইসলামের ছেলে মো. জিহাদ আলী (২০), নতুন বারোরাশিয়া গ্রামের মো. জেন্টু আলীর ছেলে মো. অসীম আলী (২০) ও গ্রেপ্তার হওয়া দায়পুকুরিয়া গ্রামের মো. মতিউর রহমানের মেয়ে ও সুইটের স্ত্রী মোসা. মমেনা খাতুন (২৪)|
চৌধুরী ইমরুল হাসান আরো জানান, গ্রেপ্তারকৃত নারীর সঙ্গে আনুমানিক ৬ মাসের একটি ছেলে শিশু রয়েছে| প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃতরা চাঁপাইনবাবগঞ্জ হতে গাঁজা আনার জন্য কুমিল্লা যায়| কুমিল্লা হতে গাঁজা নিয়ে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে মঙ্গলবার সকালে রওনা হয়| জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, গ্রেপ্তার হওয়া সুইট দীর্ঘদিন ধরে কুমিল্লায় অবস্থান করে রাজমিস্ত্রীর কাজ করতেন| তিনি বিভিন্ন সময় বিভিন্ন লোকের মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জে গাঁজা সরবরাহ করতেন| গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে|