চাঁপাইনবাবগঞ্জ জেলা ও উপজেলা প্রশাসন এবং পেট্রোল পাম্প মালিকরা বলছেন, তেলের কোনো সংকট নেই| তবুও মোটরসাইকেল চালকরা পেট্রোল পাম্পগুলোতে ভিড় করছেন|
গত মঙ্গলবার হঠাৎ করে চাঁপাইনবাবগঞ্জে তেল সংকটের কথা ছড়িয়ে পড়ে| এরপর থেকেই মোটরসাইকেল চালকরা জেলার পেট্রোল পাম্পগুলোতে লাইন দিতে শুরু করেন|
বুধবার সকালে বিভিন্ন পেট্রোল পাম্প ঘুরে দেখা যায়, মোটরসাইকেল চালকরা লম্বা লাইনে দাঁড়িয়ে আছেন|
এদিকে জেলা প্রশাসকের পক্ষ থেকে জানানো হয়েছে, চাঁপাইনবাবগঞ্জ জেলায় জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং সরবরাহ ব্যবস্থা সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে| এ অবস্থায়, গুজব, অপপ্রচার বা বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে অতিরিক্ত জ্বালানি তেল ক্রয় বা মজুত করা থেকে বিরত থাকার জন্য সকলের প্রতি বিশেষ অনুরোধ জানানো হচ্ছে|
আরো বলা হয়েছে, আপনার প্রয়োজন অনুযায়ী জ্বালানি তেল ক্রয় করুন এবং বাজারে স্বাভাবিক সরবরাহ ও স্থিতিশীলতা বজায় রাখতে সহযোগিতা করুন|
জেলা প্রশাসনের পক্ষ থেকে আরো বলা হয়ে, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন, সংশ্লিষ্ট সকল দপ্তরের সমন্বয়ে বাজার পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও তদারকি করছে| কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি কৃত্রিম সংকট সৃষ্টি, অযৌক্তিক মূল্যবৃদ্ধি বা অবৈধ মজুতদারির মাধ্যমে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করে, তবে তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে|
জেলা প্রশাসনের ফেসবুক পেজে এই বিষয়ে আরো বলা হয়, গুজবে নয়, সত্য তথ্যে আস্থা রাখুন| অপ্রয়োজনীয় মজুত নয়, সচেতন হোন— স্বাভাবিক বাজার ব্যবস্থা বজায় রাখতে সহযোগিতা করুন|