চাঁপাইনবাবগঞ্জে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসা সেবাদান প্রক্রিয়া সহজ ও আধুনিকায়ন করতে চালু হয়েছে ‘অটোমেশন সিস্টেম’| জেলা পরিষদের উদ্যোগে এই সিস্টেম চালু করা হলো|
বুধবার দুপুরে ডিজিটাল এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক সাবেক এমপি হারুনুর রশীদ| অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জেলা পরিষদের এই উদ্যোগের ফলে আশা করা যাচ্ছে, আগামী এক সপ্তাহের মধ্যেই হাসপাতালের সার্বিক সেবাদান কার্যক্রম সম্পূর্ণ ডিজিটাল ব্যবস্থার আওতায় চলে আসবে| এর মাধ্যমে শিশু থেকে শুরু করে হাসপাতালে আসা প্রতিটি রোগীর চিকিৎসা-সংক্রান্ত তথ্য ও হিস্টোরি স্থায়ীভাবে সংরক্ষিত থাকবে|
নতুন এই ব্যবস্থার বিস্তারিত তুলে ধরে হারুনুর রশীদ আরো জানান, অটোমেশন সিস্টেমের আওতায় হাসপাতালের ফার্মেসি বিভাগকেও যুক্ত করা হচ্ছে| এর ফলে রোগীদের কী পরিমাণ ওষুধ দেয়া হচ্ছে এবং স্টোরে কী পরিমাণ মজুত রয়েছে, তা সহজেই ট্র্যাক করা সম্ভব হবে| এছাড়া প্যাথোলজিক্যাল টেস্ট ও এক্স-রেসহ অন্যান্য সব পরীক্ষার রিপোর্ট স্বয়ংক্রিয়ভাবে সরাসরি চিকিৎসকের কাছে পৌঁছে যাবে এবং রোগীরাও নিজস্ব একটি কপি সংগ্রহ করতে পারবেন| দীর্ঘদিন প্রচেষ্টার পর অবশেষে এই আধুনিক সেবা চালু করা সম্ভব হলো|
এসময় তিনি চিকিৎসকদের সরকারি নিয়ম নীতি মেনে হাসপাতালে যথাযথ সেবা দেয়ার আহ্বান জানান|
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জমির মো. হাসিবুস সাত্তার, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মাহবুব হাসান, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম, পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুল বারেক এবং মাসিদুল হক নিখিলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ|
উপস্থিত সুধীজন আশা প্রকাশ করেন, এই অটোমেশন চালু হওয়ার ফলে সাধারণ রোগীদের ভোগান্তি অনেকাংশে কমবে এবং চিকিৎসা সেবার মান আরো বৃদ্ধি পাবে|