বুধবার ২২ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ৬ সফর ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: July 22, 2026
July 21, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

Published: July 21, 2026 at 02:35 PM
চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই  পরিবারের তিনজনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারে তিনজনের মৃত্যু হয়েছে| মঙ্গলবার সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের বাদুড়তলা গ্রামে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে| মারা যাওয়ারা হলেন— মো. ভিখু মন্ডলের স্ত্রী হাসিনা বেগম (৫০), হাসিনা বেগমের ভাইয়ের মেয়ে আশা (৩৫) ও হাসিনা বেগমের নাতনি মিম (১২)|

স্থানীয় সূত্র ও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন এই তথ্য নিশ্চিত করেছেন| 

একরামুল হোসাইন জানান, বাদুড়তলা গ্রামের মৃত রইসুদ্দিনের ছেলে মো. ভিখুর বাড়িতে সকাল অনুমান সাড়ে ৬টার দিকে ˆবদ্যুতিক তার লিক হয়ে বাসার ছাদে ওঠার লোহার সিঁড়িতে বিদ্যুৎ ছড়িয়ে পড়ে| সেই সিঁড়িতে ছাগলকে খাওয়ানোর পাতা বাঁধতে গিয়ে প্রথমে বিদ্যুৎস্পৃষ্ট হন হাসিনা বেগম| পরে তাকে ধরতে গিয়ে পর্যায়ক্রমে তার নাতনি মিম এবং ভাতিজি আশা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন| 

ওসি আরো জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে| 

এদিকে স্থানীয়রা জানায়, হাসিনা বেগমের নাতনি মিম তার নানাবাড়িতেই থাকত, আর ভাতিজি আশা বেড়াতে এসেছিলেন| তার ছেলে রিফাত ঘরে ঘুমিয়ে থাকায় বেঁচে যায়, অন্যদিকে হাসিনা খাতুনের স্বামী ভিখু মন্ডল কৃষিকাজের জন্য মাঠের উদ্দেশ্যে খুব সকালেই বাড়ি থেকে বের হয়েছিলেন|

মর্মান্তিক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে|