চাঁপাইনবাবগঞ্জে সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সীমান্তবাসীর কল্যাণে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সর্বদা মানবিক দায়িত্ব পালন করে আসছে| তারই ধারাবাহিকতায় মঙ্গলবার সকাল ৯টায় ৫৩ বিজিবির চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের উদ্যোগে নিজস্ব অর্থায়নে জেলার সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের মাহমুদা মতিউল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে সীমান্তবর্তী দুর্গম চরাঞ্চলের অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত জনগণের জন্য মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করে|
ক্যাম্পেইনে বিনামূল্যে প্রায় ৭০০ জন অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়ার পাশাপাশি প্রয়োজনীয় ও ওষুধ বিতরণ করা হয়| এছাড়াও মেডিকেল ক্যাম্পেইনে ভেটেরিনারি চিকিৎসকের মাধ্যমে ২০০ গবাদিপশুর চিকিৎসা সেবা প্রদান করা হয়|
এই মানবিক উদ্যোগ সীমান্তবর্তী জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলে এবং বিজিবির প্রতি তাদের আস্থা ও বিশ্বাস আরো সুদৃঢ় করবে বলে আশা প্রকাশ করে এলাকাবাসী|
দেশের সীমান্ত রক্ষার পাশাপাশি জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে বিজিবি যে সর্বদা সীমান্তবাসীর পাশে রয়েছে, এই মেডিকেল ক্যাম্পেইন তারই একটি দৃষ্টান্ত বলে তারা জানান|
এই ক্যাম্পেইনে বিজিবি রাজশাহী সেক্টরের মেডিকেল অফিসার, চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের ২ জন নারী ও শিশু বিশেষজ্ঞ, চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালের ১ জন চক্ষু বিশেষজ্ঞ, ৫৩ বিজিবির চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ও ৫৯ বিজিবির মহানন্দা ব্যাটালিয়নে নিয়োজিত ২ জন বেসামরিক চিকিৎসক এবং চাঁপাইনবাবগঞ্জ পশু হাসপাতালের ১ জন ভেটেরিনারি চিকিৎসকসহ মোট ৮ জন চিকিৎসকের সমন্বয়ে গঠিত একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল এই স্বাস্থ্যসেবা প্রদান করেন|
ক্যাম্পেইনে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, উপ-অধিনায়কসহ অন্যান্য কর্মকর্তা, বিজিবি সদস্যগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন|