রাজশাহীতে মোটর শ্রমিক ইউনিয়নের শ্রমিকদের দ্বন্দ্বের জেরে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে বাস চলাচল বন্ধ হয়ে গেছে| গত সোমবার কিছু কিছু বাস চলাচল করলেও মঙ্গলবার সকাল থেকে সকল বাস চলাচল বন্ধ হয়ে গেছে| এতে ভোগান্তিতে পড়েছেন শত শত যাত্রী| গন্তব্যে পৌঁছাতে বিকল্প উপায়ে অতিরিক্ত ভাড়া গুণতে হচ্ছে তাদেরকে|
চাঁপাইনবাবগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক হামিদুর রহমান নান্নু বলেন— রাজশাহীর বাসশ্রমিকদের মধ্যে দ্বন্দ্বের জেরে সোমবার বিকেল থেকে বাস চলাচল বন্ধ হয়ে যায়| তবে আজ (গতকাল) মঙ্গলবার সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে বাস চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে|
এদিকে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিভিন্ন গন্তব্যে যাওয়া, বিশেষ করে রাজশাহীমুখী যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়েছে| জেলাশহরের বিশ^রোড মোড় থেকে সিএনজি অটোরিকশায় করে যাত্রীদের রাজশাহীর উদ্দেশ্যে যেতে দেখা গেছে| এজন্য অতিরিক্ত ভাড়াও গুণতে হয়েছে তাদের|