সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে উদ&যাপনের লক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে| মঙ্গলবার পুলিশ সুপারের সভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়|
সভায় উপস্থিত ছিলেন— পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম. ওয়াসিম ফিরোজ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. একরামুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইয়াসির আরাফাত, চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ডাবলু কুমার ঘোষ ও সাধারণ সম্পাদক ধনঞ্জয় চ্যাটার্জি, উত্তরবঙ্গ বৈষ্ণব সংঘের প্রতিষ্ঠাতা শ্রীল শ্যামকিশোর দাস মহারাজ্জী, পূজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ পৌর শাখার সভাপতি অপূর্ব সরকার ও সাধারণ সম্পাদক অজিত কুমার দাস, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের জেলা শাখার সভাপতি দীলিপ রায়, ব্রাহ্মণ সংসদের জেলা সভাপতি রানা প্রতাপ আচার্যসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও হিন্দু ধর্মাবলম্বীদের অন্য নেতৃবৃন্দ|
সভায় পুলিশ সুপার রথযাত্রার নিরাপত্তা, ট্রাফিক ব্যবস্থাপনা ও শান্তিপূর্ণভাবে উৎসব পালনের বিষয়ে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতামত শোনেন এবং কর্মপরিকল্পনা প্রণয়ন ও দিকনির্দেশনা দেন|
পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বাংলাদেশের অন্যতম ঐতিহ্য| রথযাত্রা নির্বিঘ্নভাবে উদযাপনের লক্ষে জেলা পুলিশ সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে| সেইসঙ্গে তিনি সকলকে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করার পাশাপাশি গুজবে কান না দেয়ার জন্য আহ্বান জানান|
সভায় হিন্দুধর্মীয় নেতৃবৃন্দ ও আয়োজক কমিটির প্রতিনিধিরা রথযাত্রা উপলক্ষে বিভিন্ন বিষয় তুলে ধরেন এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের গৃহীত উদ্যোগের প্রশংসা করেন|
উল্লেখ্য, আগামী বৃহস্পতিবার শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা অনুষ্ঠিত হবে এবং ২৪ জুলাই উল্টো যাত্রার মাধ্যমে শেষ হবে এবারের রথযাত্রা উৎসব|