‘তারুণ্যের আশা-আকাক্সক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী কবি সুকান্তের কবিতার উদ্ধৃতি দিয়ে বলেছেন, এই পৃথিবিকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য করে আমাদের রেখে যেতে হবে। এ জন্য আমাদের তরুণ প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করে দক্ষ মানবসম্পদে পরিণত করতে হবে। আমাদের কারিগরি শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে।
রবিবার বিকেল ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা পরিবার পরিকল্পনা এই আলোচনা সভা ও পুরস্কার বিতরণের আয়োজন করে।
জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক শুকলাল বৈদ্যের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা প্রশাসক আরো বলেন- বর্তমানে আমাদের দেশের জনসংখ্যার এক কোটিরও বেশি জনশক্তি বিদেশে কর্মরত আছেন। তারা আমাদের রেমিটেন্স যোদ্ধা, তারা বিদেশে না থাকলে দেশের বেকারের সংখ্যা আরো বাড়ত এবং নানান ধরনের সংকট তৈরি হতো। কিন্তু ২০৪০ সালের পর বিদেশে কর্মসংস্থানের হয়ত আর সুযোগ থাকবে না। তাই এখন থেকেই আমাদের প্রস্তুতি নিতে হবে।
পরিবার পরিকল্পনা কার্যালয়ের মাঠপর্যায়ের কর্মরতদের তিনি বলেন, আপনারাই জনসংখ্যা নিয়ন্ত্রণে রাখেন, ভবিষ্যতেও রাখবেন। আপনাদের ওপর গুরুদায়িত্ব রয়েছে।
জেলা প্রশাসক বলেন, আমাদের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি হওয়ায় বয়স্ক মানুষের মৃত্যুহার কমেছে, কমেছে মাতৃমৃত্যু হারও। কাজেই বয়স্কদের জন্য আমাদের এখন থেকেই ভাবতে হবে।
খাদ্য প্রসঙ্গে আবু ছালেহ মো. মুসা জঙ্গী বলেন, প্রাকৃতিক দুর্যোগ ছাড়া আমাদের দেশে কৃষকভাইদের কল্যাণে আমরা খাদ্যে স্বয়ংসম্পন্ন।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন- পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম. ওয়াসিম ফিরোজ, সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের তত্তাবধায়ক ডা. জমির মো. হাসিবুস সাত্তার, ড্যাব সভাপতি ডা. ময়েজ উদ্দিন। অন্যদের মধ্যে বক্তব্য দেন- চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টু, সিটি প্রেস ক্লাবের সভাপতি কামাল সুকরানাসহ অন্যরা।
পরে বিভিন্ন ক্যাটাগরিতে পরিবার পরিকল্পনা বিভাগের শ্রেষ্ঠকর্মী ও প্রতিষ্ঠানকে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মিনহাজুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন, শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম, জেলা তথ্য অফিসার রূপকুমার বর্মন।
নাচোল : ‘তারুণ্যের আশা-আকাক্সক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রজন্মের সুন্দর আগামী গড়ি’- এই স্লোগানে চাঁপাইনবাবগঞ্জের নাচোলেও বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাসের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে প্রিয়াংকা দাস বলেন, সীমিত সম্পদের দেশে জনসংখ্যা নিয়ন্ত্রণ রাখা উচিত। জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করা উচিত।
উপজেলা বিআরডিবি অফিসার হারুন অর রশিদের সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন- পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাইমা আক্তার।
বিশেষ অতিথির বক্তব্য দেন- উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) সুলতানা রাজিয়া, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচও ডা. ফারহানা নবী, উপজেলা জামায়াতের আমির ইয়াকুব আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দুরুল হোদা, পরিবার পরিকল্পনা সহকারী হাবিবা খাতুন, নেজামপুর কমিউনিটি ক্লিনিকের কর্মকর্তা নবীউল ইসলাম।
এছাড়াও উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরাম, সমাজসেবা অফিসার সোহেল রানা, প্রকল্প বাস্তবায়ন সহকারী কর্মকর্তা শাহীন আলমসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারী, ইউনিয়ন ক্লিনিকের কর্মকর্তা এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের ৬ জন শ্রেষ্ঠ সেবাদান কর্মীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা।