কারিগরি শিক্ষা অধিদপ্তরের ‘বিদ্যমান ২৫টি পলিটেকনিক ইনস্টিটিউটের অবকাঠামো উন্নয়ন’ শীর্ষক প্রস্তাবিত প্রকল্পের আওতায় চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটকে অন্তর্ভূক্ত করে প্রতিষ্ঠান সংলগ্ন এলাকায় ভূমি অধিগ্রহণ পূর্বক একটি আধুনিক ছাত্রী হোস্টেল, একটি আধুনিক অ্যাকাডেমিক ভবন এবং একটি ডরমিটরি বা আবাসিক ভবন নির্মাণের দাবি জনিয়ে শিক্ষামন্ত্রী বরাবর পত্র দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য হারুনুর রশীদ| গত ৬ জুলাই তিনি এই পত্র দেন|
হারুনুর রশীদ পত্রে উল্লেখ করেন, ২০০৬ সালের ১৩ সেপ্টেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ২.৯৯ একর জমির ওপর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন| বর্তমানে প্রতিষ্ঠানে দুটি ৬ তলা বিশিষ্ট অ্যাকাডেমিক ভবন, একটি ৫ তলা বিশিষ্ট প্রশাসনিক ভবন ও একটি অধ্যক্ষের বাসভবন রয়েছে|
এই শিক্ষাপ্রতিষ্ঠানে ৬ টি টেকনোলজিতে (কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, ফুড, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং ও মেকাট্রনিক্স) টেকনোলজিতে প্রায় ৩ হাজার জন শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে| বর্তমানে শ্রেণিকক্ষ ও আধুনিক ল্যাবের সংকটের কারণে শিক্ষার্থীদের অ্যাকাডেমিক কার্যক্রম ব্যাহত হচ্ছে| বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড নির্ধারিত ২০শতাংশ ছাত্রী ভর্তির বিশেষ সুবিধা থাকলেও বর্তমানে প্রায় ২০০ জন ছাত্রী অধ্যয়নরত আছে| বিভিন্ন জেলা থেকে ছাত্রীরা এই প্রতিষ্ঠানে পড়তে এসে ছাত্রী হোস্টেল না থাকায় বাধ্য হয়ে ক্যাম্পাসের বাইরে প্রত্যন্ত এলাকায়, অনিরাপদ এবং ব্যয়বহুল মেসে থাকতে বাধ্য হচ্ছে| ছাত্রীদের জন্য একটি নিরাপদ ও উপযুক্ত শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে জরুরি ভিত্তিতে একটি নতুন আধুনিক অ্যাকাডেমিক ভবন নির্মাণ এবং একটি ছাত্রী হোস্টেল স্থাপন করা অত্যাবশ্যক হয়ে পড়েছে|
এছাড়াও বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে দেশের বিভিন্ন জেলার জনবল কর্মরত আছেন| অথচ এই প্রতিষ্ঠানে কোনো ডরমেটরি বা আবাসিক সুবিধা না থাকায় ক্লাস মনিটরিং পরীক্ষার কাজ বা সান্ধ্যকালীন কার্যক্রমে অংশ নিতে সমস্যার সম্মুখীন হতে হয়| শিক্ষক ও কর্মচারীদের কর্মক্ষেত্রে সময়ানুবর্তিতা ও কাজের গতিশীলতা বজায় রাখার জন্য প্রতিষ্ঠানে একটি ডরমিটরি বা আবাসিক ভবন স্থাপন করা অত্যন্ত জরুরি|
এমতাবস্থায় চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটকে কারিগরি শিক্ষা অধিদপ্তরের ‘বিদ্যমান ২৫টি পলিটেকনিক ইনস্টিটিউটের অবকাঠামো উন্নয়ন’ শীর্ষক প্রস্তাবিত প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত করে প্রতিষ্ঠান সংলগ্ন ভূমি অধিগ্রহণ পূর্বক একটি আধুনিক ছাত্রী হোস্টেল, একটি আধুনিক অ্যাকাডেমিক ভবন এবং একটি ডরমিটরি বা আবাসিক ভবন স্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য শিক্ষামন্ত্রীকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন হারুনুর রশীদ|