চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) জেলা জেলা কার্যালয় মাদকের কুফল সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করে গড়ে তোলার লক্ষে কাজ করে যাচ্ছে| বিভিন্ন সভা-সেমিনারের মাধ্যমে তাদের সামনে মাদকের কুফল তুলে ধরা হচ্ছে|
তারই ধারাবাহিকতায় মঙ্গলবার বেলা ১১টায় সদর উপজেলার বালুগ্রাম আদর্শ কলেজে জেলা প্রশাসন ও ডিএনসি মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, লাল কার্ড প্রদর্শন, কুইজ প্রতিযোগিতা ও শপথবাক্য পাঠ অনুষ্ঠানের আয়োজন করে|
কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম ফারুক মিথুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন— জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী| বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন— ডিএনসি জেলা কার্যালয়ের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজমাইন মাহতাব, বালুগ্রাম আদর্শ কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক আজাদ আলীসহ অন্যরা|
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মাদক শুধু একটি পরিবার নয়, একটি সমাজ ও একটি প্রজন্মকে ধ্বংস করে দেয়| শুধু তাই নয়, মাদক গ্রহণ করলে তরুণ প্রজন্মের ভবিষ্যৎও নষ্ট হয়| মাদকের কারণে যুবসমাজের স্বাভাবিক সৃজনশীলতা নষ্ট হচ্ছে| তিনি মাদক ব্যবসায়ীর তথ্য স্থানীয় প্রশাসন ও ডিএনসি কর্তৃপক্ষকে অবহিত করার জন্য আহ্বান জানান|
জেলা প্রশাসক মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে আলোকপাত করেন| মাদকের এই ভয়াল থাবা হতে যুবসমাজকে রক্ষার জন্য যার যার অবস্থান হতে কাজ করার জন্য আহ্বান জানান এবং সাংস্কৃতিক চর্চার ওপর গুরুত্বারোপ করেন| সুস্থ, সুন্দর ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে পড়াশোনার বিকল্প নেই বলেও উল্লেক করেন তিনি|
আলোচনা সভা শেষে সংগীত শিল্পী বাবলু হক মাদকবিরোধী সংগীত পরিবেশনের মাধ্যমে উপস্থিত দর্শকদের মাতিয়ে রাখেন|
অনুষ্ঠানে বালুগ্রাম আদর্শ কলেজের দুই শতাধিক শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন|
উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়| কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ১০ জন এবং মেধাবী ৩ জন শিক্ষার্থীর মধ্যে প্রধান অতিথি পুরস্কার বিতরণ করেন| এছাড়াও মাদকবিরোধী প্রচারণামূলক লিফলেট বিতরণ করা হয় এবং প্রধান অতিথি নিজ হাতে কলেজের দেয়ালে মানবদেহে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কিত লেখা সংকলিত অ্যাম্বুসেড ফেস্টুন সাঁটিয়ে দেন|
অনুষ্ঠানে মাদকবিরোধী লাল কার্ড প্রদর্শন ও শপথবাক্য পাঠ করানো হয়|