চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মধ্যে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে| এ উপলক্ষে রবিবার চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়|
প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো. ওমর ফারুকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন— জেলা পরিষদের প্রশাসক সাবেক এমপি হারুনুর রশীদ| বিশেষ অতিথির বক্তব্য দেন— নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. সেরাজ উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) অধ্যক্ষ প্রকৌশলী আব্দুর রহিম, সদর থানার পরিদর্শক (ওসি অপারেশন) মোহাম্মদ আব্দুর রউফ তালুকদার| এ সময় প্রতিষ্ঠানটির উপাধ্যক্ষ সেলিম আহমেদসহ অন্যরা উপস্থিত ছিলেন|
এর আগে ফুটবল, ক্রিকেটসহ ক্রীড়ার অন্যান্য ইভেন্ট এবং সংগীত, আবৃত্তিসহ সাংস্কৃতিক প্রতিযোগিতার ৩৩টি ইভেন্টে শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়| সেই প্রতিযোগিতার ২৭৪টি পুরস্কার বিতরণ করা হয়েছে| এছাড়াও ১১ জনকে মেধা পুরস্কার প্রদান করা হয়|
বৃক্ষরোপণ কর্মসূচি
‘একটাই লক্ষ্য হতে হবে দক্ষ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে| পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করা হয়|
বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক এবং সাবেক এমপি হারুনুর রশীদ|
উদ্বোধনকালে তিনি বলেন, পৃথিবী বাঁচলে বাঁচবে প্রাণ, জলবায়ু রক্ষায় বাড়াতে হবে অবদান| বর্তমান সময়ে জলবায়ুর ভারসাম্য ফিরিয়ে আনতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই| প্রতিটি নাগরিকের উচিত অন্তত একটি করে গাছ লাগিয়ে প্রকৃতির বুকে তার দান ফিরিয়ে দেয়া|
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় শিক্ষার্থীদের সচেতন করার পাশাপাশি ক্যাম্পাসকে সবুজ ও পরিবেশবান্ধব করে তোলার লক্ষে এই উদ্যোগ নেয়া হয়েছে|
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত থেকে স্বতঃস্ফূর্তভাবে গাছ রোপণ করেন|