বাংলাদেশের ওটিটি অঙ্গনের অন্যতম মর্যাদাপূর্ণ আয়োজন চরকি অ্যাওয়ার্ডসের দ্বিতীয় আসরে দর্শক ভোটে (সাবস্ক্রাইবারস চয়েস) ২০২৪ সালের সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন শাকিব খান|
‘তুফান’ সিনেমায় অভিনয়ের জন্য এই স্বীকৃতি পেয়েছেন তিনি| একই বিভাগে সেরা অভিনেত্রী হয়েছেন মাসুমা রহমান নাবিলা| সেরা সিনেমা হয়েছে ‘কাছের মানুষ দূরে থুইয়া’ এবং সেরা সিরিজ নির্বাচিত হয়েছে ‘আধুনিক বাংলা হোটেল’| একই অনুষ্ঠানে ২০২৩ সালের সাবস্ক্রাইবারস চয়েস বিভাগে সেরা সিনেমার পুরস্কার জিতেছে ‘সুড়ঙ্গ’| গত বৃহস্পতিবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় অনুষ্ঠিত হয় চরকি অ্যাওয়ার্ডসের দ্বিতীয় আসর| সন্ধ্যা থেকে শুরু হওয়া এই আয়োজনে ২০২৩ ও ২০২৪ সালের চরকির অরিজিনাল চলচ্চিত্র ও সিরিজের সেরা নির্মাতা, অভিনয়শিল্পী এবং কলাকুশলীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়| সাবস্ক্রাইবারস চয়েস বিভাগে ২০২৪ সালের সেরা সিনেমা হয়েছে ‘কাছের মানুষ দূরে থুইয়া’| ‘তুফান’-এ অভিনয়ের জন্য সেরা অভিনেতা হয়েছেন শাকিব খান এবং একই সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন মাসুমা রহমান নাবিলা| সেরা সিরিজ নির্বাচিত হয়েছে ‘আধুনিক বাংলা হোটেল’| এই সিরিজে অভিনয়ের জন্য সেরা অভিনেতা হয়েছেন মোশাররফ করিম| অন্যদিকে ‘২ষ’ সিরিজে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন জয়া আহসান| সেরা গানের স্বীকৃতি পেয়েছে ‘লাগে উড়া ধুরা’|
২০২৩ সালের সাবস্ক্রাইবারস চয়েস বিভাগে সেরা সিনেমা হয়েছে ‘সুড়ঙ্গ’| ‘উনিশ২০’-এ অভিনয়ের জন্য সেরা অভিনেতা হয়েছেন আরিফিন শুভ এবং একই সিনেমার জন্য সেরা অভিনেত্রী হয়েছেন আফসান আরা বিন্দু| সেরা সিরিজ নির্বাচিত হয়েছে ‘মাইশেলফ অ্যালেন স্বপন’| এতে অভিনয়ের জন্য নাসির উদ্দিন খান সেরা অভিনেতা এবং ‘মারকিউলিস’-এ অভিনয়ের জন্য সাবিলা নূর সেরা অভিনেত্রীর পুরস্কার অর্জন করেন| ওই বছরের সেরা গান নির্বাচিত হয়েছে ‘গা ছুঁয়ে বলো’| সমালোচক নির্বাচিত (ক্রিটিক চয়েজ) বিভাগে ২০২৪ সালের সেরা পরিচালক হয়েছেন রবিউল আলম রবি, ‘ফরগেট মি নট’-এর জন্য| একই সিনেমার জন্য সেরা অভিনেত্রী হয়েছেন মেহজাবীন চৌধুরী|
‘কাছের মানুষ দূরে থুইয়া’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন প্রীতম হাসান| সিরিজ বিভাগে ‘সিনপাট’-এর জন্য সেরা পরিচালক হয়েছেন মোহাম্মদ তাওকীর ইসলাম, সেরা অভিনেত্রী জিন্নাত আরা এবং ‘কালপুরুষ’-এর জন্য সেরা অভিনেতা হয়েছেন এফ এস নাইম|
২০২৩ সালের ক্রিটিক চয়েজ বিভাগে ‘সুড়ঙ্গ’-এর জন্য সেরা পরিচালক নির্বাচিত হয়েছেন রায়হান রাফী| একই সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেতা হয়েছেন আফরান নিশো| ‘জাহান’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন নাজিয়া হক অর্ষা| সিরিজ বিভাগে ‘গুটি’-এর জন্য সেরা পরিচালক হয়েছেন শঙ্খ দাশগুপ্ত| একই সিরিজে অভিনয়ের জন্য আজমেরী হক বাঁধন সেরা অভিনেত্রী এবং ‘মাইশেলফ অ্যালেন স্বপন’-এর জন্য নাসির উদ্দিন খান সেরা অভিনেতার স্বীকৃতি পেয়েছেন|
এবারের আয়োজনে প্রয়াত অভিনেত্রী ও লেখক কারিনা কায়সারকে বিশেষ সম্মাননা জানানো হয়| তার বন্ধু রেজাউর রহমান ও কামরুন নাহারের হাতে সম্মাননা তুলে দেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান| সন্ধ্যা ৬টা থেকে রেড কার্পেটের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা| সেখানে দেশের চলচ্চিত্র, নাটক ও ওটিটি অঙ্গনের জনপ্রিয় শিল্পী, নির্মাতা ও কলাকুশলীরা অংশ নেন| মূল অনুষ্ঠান শুরু হয় নৃত্য পরিবেশনার মাধ্যমে| পরে ছিল অ্যাকাপেলা ও বিটবক্সিং পরিবেশনা| অনুষ্ঠানে চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, বাংলা কনটেন্টের রাজধানী হিসেবে চরকিকে প্রতিষ্ঠিত করাই তাদের লক্ষ্য| তিনি জানান, পাঁচ বছরে চরকির প্রিমিয়াম কনটেন্ট দেখা হয়েছে ১০০ কোটিরও বেশি ঘণ্টা| প্ল্যাটফর্মটিতে তিন কোটির বেশি নিবন্ধিত ব্যবহারকারী যুক্ত হয়েছেন এবং দর্শকদের জন্য প্রকাশ করা হয়েছে একশটির বেশি অরিজিনাল কনটেন্ট|
পুরস্কার প্রদান অনুষ্ঠানের পাশাপাশি দিনব্যাপী ছিল অভিনয়ের মাস্টারক্লাস, বাংলা সিনেমা ও ওটিটির ভবিষ্যৎ নিয়ে প্যানেল আলোচনা এবং নানা সাংস্কৃতিক আয়োজন| অভিনয়ের মাস্টারক্লাস পরিচালনা করেন গুণী অভিনেতা তারিক আনাম খান| আলোচনায় অংশ নেন নির্মাতা মেজবাউর রহমান সুমন, আদনান আল রাজীব ও নুহাশ হুমায়ূন|