ভোক্তাপর্যায়ে সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের বিদ্যমান দাম থেকে ৩৫৭ টাকা কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)|
নতুন মূল্য অনুযায়ী, ১২ কেজির একটি সিলিন্ডারের দাম ১ হাজার ৮৮৫ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৫২৮ টাকা নির্ধারণ করা হয়েছে| যা বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে|
বৃহস্পতিবার রাজধানীর রমনায় কমিশনের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ নতুন এই দাম ঘোষণা করেন|
সংবাদ সম্মেলনে কমিশনের সদস্য মো. মিজানুর রহমান, মো. আব্দুর রাজ্জাক, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহিদ সারওয়ার উপস্থিত ছিলেন|
এসময় চেয়ারম্যান জানিয়েছেন, আরামকোর জুলাই মাসের সৌদি সিপির ভিত্তিতে এলপিজির দাম কমানো হয়েছে| ঘোষণা অনুযায়ী, অটো গ্যাসের দাম ৮৬ টাকা ৯৩ পয়সা থেকে ১৬ টাকা ৫৩ পয়সা কমিয়ে প্রতি লিটার ৭০ টাকা ৪০ পয়সা করেছে বিইআরসি| তবে সরকারি এলপিজির দাম ৭৭৬ টাকা ৯৩ পয়সা অপরিবর্তিত রাখা হয়েছে|
তিনি জানান, এলপিজি ৫.৫ কেজি, ১২.৫ কেজি, ১৫ কেজি, ১৬ কেজি, ১৮ কেজি, ২০ কেজি, ২২ কেজি, ২৫ কেজি, ৩০ কেজি, ৩৩ কেজি, ৩৫ কেজি ও ৪৫ কেজি ধারণক্ষমতার সিলিন্ডারে বাজারজাত করা হয়| এখন থেকে বিইআরসি’র গ্রাহক পর্যায়ে গ্যাস ভর্তি সিলিন্ডারের দাম হবে যথাক্রমে ৭০০ টাকা, ১ হাজার ৫৯১ টাকা, ১ হাজার ৯১০ টাকা, ২ হাজার ৩৭ টাকা, ২ হাজার ২৯১ টাকা, ২ হাজার ৫৪৬ টাকা, ২ হাজার ৮০১ টাকা, ৩ হাজার ১৮৩ টাকা, ৩ হাজার ৮১৯ টাকা, ৪ হাজার ২০১ টাকা, ৪ হাজার ৪৫৬ টাকা এবং ৫ হাজার ৭২৯ টাকা|
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ২ জুন থেকে কার্যকর হওয়া এলপিজির দাম ছিল যথাক্রমে ৮৬৪ টাকা, ১ হাজার ৯৬৩ টাকা, ২ হাজার ৩৫৬ টাকা, ২ হাজার ৫১৩ টাকা, ২ হাজার ৮২৭ টাকা, ৩ হাজার ১৪১ টাকা, ৩ হাজার ৪৫৫ টাকা, ৩ হাজার ৯২৭ টাকা, ৪ হাজার ৭১২ টাকা, ৫ হাজার ১৮৩ টাকা, ৫ হাজার ৪৯৭ টাকা এবং ৭ হাজার ৬৮ টাকা|
এদিকে প্রতি টন প্রোপেন ৫৮০ মার্কিন ডলার এবং বিউটেন ৬০০ মার্কিন ডলারে বিক্রির নতুন দাম নির্ধারণ করা হয়েছে|