রবিবার ২৬ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ সফর ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: July 26, 2026
May 23, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

বিএনপি জনগণের জন্য কাজ করছে : শিবগঞ্জে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম

Published: May 23, 2026 at 03:16 PM
বিএনপি জনগণের জন্য কাজ করছে : শিবগঞ্জে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম

পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতা জোরদারের লক্ষে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনর্খনন কর্মসূচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি খাল পুনর্খনন কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ। 

এসময় তিনি বলেন, কীভাবে সেচব্যবস্থা উন্নত করা যায় এবং কী কী উপায়ে পানির উৎস তৈরি করা সম্ভব, সে বিষয়ে সরকার কাজ করছে, যাতে মানুষের দুর্ভোগ দূর হয়। পরিবেশ রক্ষায় সারাদেশে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা বাস্তবায়ন কাজ শুরু হয়েছে। বজ্রপাত থেকে মানুষকে রক্ষায় আধুনিক প্রযুক্তিও ব্যবহারের উদ্যোগ নেয়া হবে বলে জানান তিনি।

ড. সাইমুম আরো বলেন, দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনর্খনন নদীগুলো পুনরুদ্ধারের উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরই মধ্যে দেশের বিভিন্ন স্থানে খাল খননের কাজ শুরু হয়েছে এবং আরো নতুন খাল খনন করা হবে। এছাড়া বিএনপি পদ্মা ব্যারেজ নামে একটি মেগা প্রকল্প গ্রহণের উদ্যোগ নিয়েছে এবং তিস্তা মহাপরিকল্পনার মাধ্যমে নদীগুলোর পানিপ্রবাহ সচল রাখার চেষ্টা করা হচ্ছে। বিএনপি জনগণের উন্নয়নের জন্য কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।

‎শনিবার বেলা সাড়ে ১১টায় শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের বিল ধানজিয়া হতে ভোইশগাড়া পর্যন্ত ১ হাজার ৪৫০ মিটার খাল পুনর্খননের মাধ্যমে তিনি শিবগঞ্জের এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

বিএনপির নির্বাচনী ইশতেহারে ঘোষিত প্রতিশ্রুতির অংশ হিসেবে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে জলাধার সংরক্ষণ, পানিপ্রবাহ স্বাভাবিক রাখা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা তুলে ধরেন ড. সাইমুম পারভেজ। খাল পুনর্খনন উদ্বোধনের পর তিনি সেখানে কিছু বৃক্ষের চারা রোপণ করেন।

এ প্রকল্প বাস্তবায়নের ফলে প্রায় ২৪১ হেক্টর কৃষিজমি নতুন প্রাণ ফিরে পাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি ২ হাজার ৭৮৮ কৃষক পরিবার সেচ সুবিধা ও মৎস্য চাষে উপকৃত হবে, যা স্থানীয় কৃষি ও গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে। 

পরে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সৌরবিদ্যুৎ প্যানেলের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। এসময় তিনি বলেন- বিদ্যুৎ সংকট নিরসন করে নিরবচ্ছিন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। তিনি বলেন-বিদ্যুৎ সংকট নিরসন ও নিরবচ্ছিন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দেশের প্রত্যন্ত অঞ্চলে এবং সরকারি ভবনে সোলার সিস্টেম স্থাপনের কাজ চলমান রয়েছে। এরই ধারাবাহিতায় শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সৌর বিদ্যুৎ প্যানেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো। আমরা দেখেছি বিগত সময়ে বিদ্যুৎ বিভ্রাটের কারণে চিকিৎসা সেবা ব্যাহত হতো। প্রায়শই ঝড়-বৃষ্টিতে দীর্ঘ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় রোগীদের ভোগান্তি পোহাতে হতো এবং সঠিক চিকিৎসা সেবা প্রদানে সমস্যা সৃষ্টি হতো। এই সমস্যা সমাধানে বর্তমান সরকারের সার্বিক সহযোগিতায় দেশের বিভিন্ন স্থাপনায় এই সিস্টেম স্থাপন করা হচ্ছে।

এই কাজ সম্পন্ন হলে কম্পিউটার, ফ্যান, লাইট ও ইসিজি সহ জরুরি স্বাস্থ্যসেবা কার্যক্রম নিরবচ্ছিন্নভাবে চালানো সম্ভব হবে। এর ফলে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিনের বিদ্যুৎ সমস্যা দূর হবে এবং চিকিৎসা সেবার মান উন্নত হবে বলে আশা করেন তিনি। এসময় স্থানীয় জনগণ এই উদ্যোগকে স্বাগত জানান।

এসময় শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক আশরাফুল হক, পৌর বিএনপির আহ্বায়ক সফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব তোসিকুল আলম, পৌর বিএনপির সদস্য সচিব আলমগীর কবির জুয়েলসহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিকেলে ড. সাইমুম পারভেজ নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।

এদিকে ড. সাইমুম পারভেজের আগমনকে কেন্দ্র করে উপজেলাব্যাপী নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।