চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলায় বজ্রপাতে নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। গত শুক্রবার সন্ধ্যার পর হঠাৎ বৃষ্টির সঙ্গে তীব্র বজ্রপাত হলে মৃত্যুর এই ঘটনা ঘটে।
মারা যাওয়ারা হলেন— চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের গিধনিপাড়ার মাইনুল ইসলাম বিশুর স্ত্রী মানুয়ারা বেগম, শাহজাহানপুর ইউনিয়নের হাকিমপুর গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে আনারুল ইসলাম ও শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের বাবুপুর-চালকিপাড়ার মৃত মোহবুল ইসলামের ছেলে আব্দুল মালেক।
চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা তানজিমুল ইসলাম বলেন, সন্ধ্যার পর ঝড়-বৃষ্টির মধ্যে বাড়ির পাশে একটি বাগানে আম কুড়াতে যান মানুয়ারা বেগম। এ সময় বজ্রপাত হলে গুরুতর আহত হন তিনি। পরে তাকে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি। অন্যদিকে আমকুড়াতে গিয়ে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান আনারুল ইসলাম।
সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনূর আলম বলেন— মারা যাওয়া আনারুল ইসলাম ও মানুয়ারার পরিবারকে ২৫ হাজার করে ৫০ হাজার টাকা দাফন-কাফনের খরচ হিসাবে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রদান করা হয়েছে।
অপরদিকে শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান জানান, বৃষ্টির মধ্যে আব্দুল মালেক বাবুপুরের একটি ধানক্ষেতে যান। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান তিনি। আব্দুল মালেকের পরিবারকে ২৫ হাজার টাকা সহায়তা দেয়া হয়েছে বলেও জানান তিনি।