রবিবার ২৬ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ সফর ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: July 26, 2026
May 23, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

অভিবাসন সমন্বয় কমিটির সভায় বিদেশগামীদের বিষয়ে ব্যাপক প্রচারের আহ্বান জেলা প্রশাসকের

Published: May 23, 2026 at 02:41 PM
অভিবাসন সমন্বয় কমিটির সভায় বিদেশগামীদের বিষয়ে ব্যাপক প্রচারের আহ্বান জেলা প্রশাসকের

‘দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিটেন্স দিয়ে ভরব স্বদেশ’— এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে জেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী। 

জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন— সাধারণ মানুষকে, বিশেষ করে যারা বিদেশ যেতে ইচ্ছুক তাদের জন্য ব্যাপক প্রচার কার্যক্রম চালাতে হবে। তাদেরকে বোঝাতে হবে, বৈধভাবে বিদেশ গেলে কী লাভ হয় আর অবৈধ পথে গেলে কী ক্ষতি হয়। এজন্য সভা-সেমিনার বিশেষ করে জুমার নামাজে খুৎবার সময় ইমাম সাহেবদের দিয়ে অতি সংক্ষেপে এই বিষয়টি তুলে ধরা যায়। তিনি বলেন, কোনো নাগরিক যেন দালাল বা প্রতারকের খপ্পরে না পড়ে সেজন্য এই প্রচার কার্যক্রম জোরদার করা জরুরি। এসময় তিনি প্রবাসীদের সন্তানদের শিক্ষাবৃত্তি নিয়েও ব্যাপক প্রচারের আহ্বান জানান। 

সভায় আরো আলোচনা করেন— অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার। মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনে কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের কার্যক্রম তুলে ধরেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের সহকারী পরিচালক মো. আখলাক-উজ-জামান। 

সভায় জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সাহিদা আখতার, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক সিদ্দিকা সোহেলী রশীদ, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক স্বপন কুমার কর্মকার, জাতিসংঘের অভিবাসন সংস্থার জুনিয়র ফিল্ড অপারেশন অ্যাসিস্টেন্ট মতিউর রহমান মিঠু, প্রবাসী কল্যাণ ব্যাংকের চাঁপাইনবাবগঞ্জ শাখা ব্যবস্থাপক আসাদুজ্জামান, প্রবাসী কল্যাণ সেন্টার রাজশাহীর সুপারভাইজার সরজিৎ রায়, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির সহকারী ব্যবস্থাপক দুরুল ইসলামসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। 

সরজিত রায় জানান, জেলার ৩৫ জন প্রবাসীর এসএসসি ও ২৬ জন প্রবাসীর এইচএসসি পড়ুয়া সন্তানকে শিক্ষাবৃত্তি প্রদান করা হচ্ছে। 

সভায় আখলাক-উজ-জামান তার উপস্থাপনায় জানান, বর্তমানে বিশ্বের ১৬৭টি দেশে বাংলাদেশী কর্মীরা রয়েছেন। তিনি জানান, এই দেশগুলোর মধ্যে রাশিয়াসহ মধ্যপ্রাচ্যের ১৫টি দেশে সবচেয়ে বেশি মানুষ যায়। এইসব দেশের মধ্যে মালয়েশিয়া অভিবাসন ব্যয় নির্ধারণ করা হয়েছে। নির্মাণ কারখানার শ্রমিকের জন্য ১ লাখ ৬০ হাজার টাকা, কৃষি শ্রমিকের জন্য ১ লাখ ৪০ হাজার টাকা। লিবিয়ায় ১ লাখ ৪৫ হাজার ৭৮০ টাকা, বাহরাইন ৯৭ হাজার ৭৮০ টাকা, সংযুক্ত আরব আমিরাত ১ লাখ ৭ হাজার ৭৮০ টাকা, কুয়েত ১ লাখ ৬ হাজার ৭৮০ টাকা, ওমান ১ লাখ ৭৮০  টাকা, ইরাক ১ লাখ ২৯ হাজার ৫৪০ টাকা, কাতার ১ লাখ ৭৮০ টাকা, জর্ডান ১ লাখ ২ হাজার ৭৮০ টাকা, মিশর ১ লাখ ২০ হাজার ৭৮০ টাকা, রাশিয়া ১ লাখ ৬৬ হাজার ৬৪০ টাকা, মালদ্বীপ ১ লাখ ১৫ হাজার ৭৮০ টাকা, ব্রুনাই ১ লাখ ২০ হাজার ৭৮০ টাকা, লেবানন ১ লাখ ১৭ হাজার ৭৮০ টাকা ও সৌদি আরব ১ লাখ ৬০ হাজার টাকা।