রবিবার ২৬ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ সফর ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: July 26, 2026
May 20, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

কোরবানির বর্জ্য দ্রুত অপসারণের আহ্বান : ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতি সভা জেলা প্রশাসনের

Published: May 20, 2026 at 01:54 PM
কোরবানির বর্জ্য দ্রুত অপসারণের আহ্বান : ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতি সভা জেলা প্রশাসনের

চাঁপাইনবাবগঞ্জে পবিত্র ঈদুল আজহা উদ&যাপন উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে| বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়| 

জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিদ্ধান্ত হয়, সকাল ৭টায় ফকিরপাড়া ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রথম জামায়াত এবং সকাল ৮টায় দ্বিতীয় জামায়াত অনুষ্ঠিত হবে| সকাল সাড়ে ৭টায় পুরাতন স্টেডিয়ামে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হবে| এছাড়া জেলার অন্য ঈদগাহগুলোতে ঈদগাহ পরিচালনা কমিটি সময় নির্ধারণ করবে| 

সভায় জনসাধারণের চলাচল ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে রাস্তার পাশে যেন যত্রতত্র কোরবানির পশু জবাই করা না হয় এবং উচ্ছ্বিষ্টগুলো (রক্ত, হাড় ও বর্জ্য) যেন মাটির নিচে পুঁতে ফেলা এবং বর্জ্যগুলো যেন দ্রুত অপসারণ করা হয় সে বিষয়ে সকল পৌরসভার প্রশাসক, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ কর্মপরিকল্পনা প্রণয়নপূর্বক ব্যাপক প্রচারণাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানানো হয়| 

কোরবানির দিন অন্যান্য ধর্মাবলম্বীদের ক্ষতির কারণ হয়, এমন কোনো কাজ থেকে বিরত থাকার জন্য সভায় সিদ্ধান্ত হয়| বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়ির আশপাশে গরু জবাই না করার কথা বলা হয়| 

এ প্রসঙ্গে জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী বলেন— “আমাদের দেশ, সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, সেই সম্প্রীতি আমাদের বজায় রাখতে হবে|” 

জেলা প্রশাসক বলেন, পশু কোরবানির বর্জ্য যেখানে-সেখানে না ফেলে নির্দিষ্ট জায়গায় ফেলতে হবে, রাস্তায় ওপর পশু জবাই করা যাবে না, পশু কোরবানির পর জায়গাটি পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করতে হবে| আর এসব বর্জ্য অপসারণ করতে পৌরসভার পরিচ্ছন্নকর্মীরা রাত-দিন কাজ করবে বলে সিদ্ধান্ত হয়| 

পশুর চামড়া সঠিক সময়ে লবণ দেয়া এবং সিন্ডিকেট করে কম দামে চামড়া কেনা— এসব বিষয়ে জেলা প্রশাসনের একটি মনিটরিং কমিটি কাজ করবে এবং ভ্রাম্যমাণ আদালত সক্রিয় থাকবে বলে সভায় জানানো হয়|

সভায় উপস্থিত ছিলেন— জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগ শাখার উপপরিচালক ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন, চেম্বারের সিনিয়র সহসভাপতি খায়রুল ইসলাম, ফকিরপাড়া কেন্দ্রীয় ঈদগাহের সাধারণ সম্পাদক মো. রেন্টুসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন মসজিদের ইমাম, ঈদগাহের সভাপতি, সাধারণ সম্পাদক এবং গণমাধ্যমকর্মীরা|