“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি সমৃদ্ধ ভবিষ্যৎ”— এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা-২০২৬’র উদ্বোধন করা হয়েছে| মঙ্গলবার প্রধানমন্ত্রী তারেক রহমান কেন্দ্রীয় এই মেলা উদ্বোধনের পাশাপাশি ভার্চুয়ালি সারাদেশের জেলা ও উপজেলা পর্যায়ের মেলারও উদ্বোধন করেন|
এদিকে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়| র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সদর উপজেলা ভূমি অফিসে গিয়ে শেষ হয়|
ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের আয়োজনে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ভূমি অফিসে এ মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়|
মেলায় উপজেলা, জেলা, বিভাগীয় ও জাতীয় পর্যায়ের ভূমি সেবা ব্যবস্থাপনা সম্পর্কে নাগরিকদের অবহিত করা হচ্ছে| আগামী ২১ মে পর্যন্ত চলবে এ মেলা|
মেলায় ভূমি সংক্রান্ত সেবা প্রদানের জন্য জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা ভূমি অফিস, সকল ইউনিয়ন ভূমি অফিস এবং ভূমি সেবা সহায়তা কেন্দ্রের পৃথক চারটি স্টল স্থাপন করা হয়েছে| এসব স্টলের মাধ্যমে ই-নামজারি, জমা, খারিজ, খতিয়ান, ভূমি উন্নয়ন করসহ বিভিন্ন সেবা সম্পর্কে নাগরিকদের তথ্য ও সেবা দেয়া হচ্ছে|
অনুষ্ঠানে জানানো হয়, একটি ন্যায়ভিত্তিক ও উন্নয়নমুখী রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার কোনো বিকল্প নেই| দেশের প্রকৃত উন্নয়ন তখনই সম্ভব, যখন কৃষক ও ভূমি ব্যবস্থাপনা সুরক্ষিত থাকে| ভূমি ব্যবস্থাপনায় দীর্ঘদিনের জটিলতা দূর করে সেবাকে জনবান্ধব করাই বর্তমান সরকারের অগ্রাধিকার বলেও উল্লেখ করা হয়|
আয়োজকরা জানান, দলিলের মাধ্যমে ভূমির মালিকানা অর্জিত হলেও নামজারি ও জমাখারিজের মাধ্যমে সেই মালিকানার সরকারি স্বীকৃতি পাওয়া যায়| এছাড়া নাগরিকরা ২৪ ঘণ্টা ভূমি সেবা পেতে ১৬১২২ হটলাইনে যোগাযোগ করতে পারবেন| সারাদেশে ৮৯৩টি ভূমি সহায়তা কেন্দ্রের মাধ্যমেও সেবা প্রদান করা হচ্ছে|
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফয়সাল রায়হান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম. ওয়াসিম ফিরোজ, সদর উপজেলার নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকরামুল হক নাহিদ, জেলা বিএনপির সদস্য সচিব মো. রফিকুল ইসলাম, সদর উপজেলার ভূমি অফিসের কানুনগো মো. জাহাঙ্গীর হোসেনসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ|
গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরেও ভূমিসেবা মেলা শুরু হয়েছে| মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা ভূমি কার্যালয় থেকে একটি র্যালি বের হয়| র্যালিটি রহনপুর পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়|
উপজেলা ভূমি প্রশাসনের আয়োজনে ও ভূমি মন্ত্রাণালয়ের সহযোগিতায় আয়োজিত র্যালিতে অংশ নেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী, সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা, রহনপুর পুনর্ভবা আইডিয়াল কলেজের সহকারী অধ্যাপক ও জামায়াত নেতা তরিকুল ইসলাম বকুল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আলিম, পল্লী উন্নয়ন কর্মকর্তা রাইসুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা জাহাঙ্গীর আলম প্রাংসহ ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা|
র্যালি শেষে মিজানুর রহমান এমপি ভূমি কার্যালয় চত্বরে ভূমিসেবা মেলার স্টলগুলো পরিদর্শন করেন এবং সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলেন|
শিবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা শুরু হয়েছে| মঙ্গলবার সকালে শিবগঞ্জ উপজেলা ভূমি অফিসের উদ্যোগে ও ভূমি সংস্কার বোর্ডের সহযোগিতায় শিবগঞ্জ উপজেলা ভূমি অফিস চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়| অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজের সভাপতিত্বে উপস্থিত ছিলেন— শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হায়াতউদ্দৌলা, শিবগঞ্জ উপজেলা বিএনপির সদস্যসচিব তোসিকুল আলম এবং শিবগঞ্জ শিল্প ও বণিক সমিতির সভাপতি ইউসুফ আলীসহ অন্যরা|
মেলায় তিনটি স্টল স্থান পেয়েছে|
ভোলাহাট : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন হয়েছে| মঙ্গলবার সকাল ১০টার দিকে ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা ভূমি অফিসের আয়োজনে উপজেলা ভূমি অফিস চত্বরে মেলার উদ্বোধন করা হয়| এ সময় উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) ও সহকারী কমিশনার (ভূমি) মো. সানাউল মোর্শেদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুলতান আলী, শিক্ষা অফিসার ইব্রাহীম খলিল, সমাজসেবা কর্মকর্তা নাসিম উদ্দিন, জনস্বাস্থ্য প্রকৌশলী আজমীর শেখ, বিএনপি নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান বাবর আলী বিশ্বাস, ভোলাহাট সদর ইউনিয়ন চেয়ারম্যান পিয়ার জাহান উপস্থিত ছিলেন|
নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ভূমি সেবা মেলা উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে|
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা ভূমি অফিস থেকে র্যালি বের হয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় শেষ হয়| র্যালিতে উপস্থিত ছিলেন— ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া|
উদ্বোধন শেষে সুলতানা রাজিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন— উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের খোকন, পৌর সাধারণ সম্পাদক দুরুল হোদা|
এছাড়াও মহিলা কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, কৃষি অফিসার সলেহ& আকরাম, পৌর বিএনপির সহসভাপতি আমানুল্লাহ আল মাসুদ, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আজিম উদ্দিনসহ অন্যরা উপস্থিত ছিলেন|