বুধবার ২৪ জুন ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ || ৮ মহররম ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
বই আলোচনা : আগামী দিনের পথ চলার পাথেয় শিক্ষার্থীদের সচেতন করতে প্রতি মাসে ৫ শিক্ষাপ্রতিষ্ঠানে যাবেন পুলিশ সুপার গোমস্তাপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা : রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী :মাঠে ছিল বিএনপি মাদককে লাল কার্ড দেখালেন হামিদুল্লাহর শিক্ষার্থীরা চাঁপাইনবাবগঞ্জে শিশু সুরক্ষার লক্ষে মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে উদ্যোক্তা উন্নয়ন ও বাজার সংযোগ বিষয়ক আবাসিক প্রশিক্ষণ শেষ হয়েছে পানি সংকট মোকাবেলায় এশিয়ার সব দেশকে এগিয়ে আসার আহ্বান স্পিকারের প্রাথমিকে শিক্ষক বদলি ও পদায়নে চার স্তরের কমিটি গঠন আইসিসির মাস সেরা খেলোয়াড় মনোনীত হলেন মুশফিক
Printed on: June 24, 2026
May 06, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিকের ওপর প্রকৃত হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার দাবি: জেলাশহরসহ একযোগে চার উপজেলায় সাংবাদিকদের প্রতিবাদ

Published: May 06, 2026 at 02:37 PM
চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিকের ওপর প্রকৃত হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার দাবি: জেলাশহরসহ একযোগে চার উপজেলায় সাংবাদিকদের প্রতিবাদ

চাঁপাইনবাবগঞ্জে চ্যানেল ওয়ান ও আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি তারেক রহমান ও মাই টিভির জেলা প্রতিনিধি তারেক আজিজের ওপর হামলার প্রতিবাদে এবং প্রকৃত হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার দাবিতে কর্মসূচি পালন করেছেন জেলার সাংবাদিকরা। বুধবার সকালে জেলা শহরসহ অন্য চার উপজেলায় মানববন্ধন ও সমাবেশ করেন তারা। 

বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে শহীদ স্মৃতি নামফলকের পাদদেশে ‘সাংবাদিক সমাজ, চাঁপাইনবাবগঞ্জ’র ব্যানারে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টু। 

এতে হামলার বর্ণনা দেন হামলার শিকার তারেক রহমান ও তারেক আজিজ। এছাড়াও বক্তব্য দেন— চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হেসেন দিলু, দৈনিক চাঁপাই চিত্রের সম্পাদক কামাল উদ্দিন, দৈনিক চাঁপাই দর্পণের সম্পাদক আশরাফুল ইসলাম রঞ্জু, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেস ক্লাবের সভাপতি হোসেন শাহনেওয়াজ, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল, সিটি প্রেস ক্লাব-চাঁপাইনবাবগঞ্জের সাধারণ সম্পাদক মেহেদি হাসান, মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি ডাবলু কুমার ঘোষ, মানবজমিনের জেলা প্রতিনিধি ফারুক আহমেদ চৌধুরী। সমাবেশ সঞ্চালনা করেন চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ। 

এ সময় টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি রফিকুল আলম, দৈনিক গৌড় বাংলার বার্তা সম্পাদক সাজিদ তৌহিদসহ বিভিন্ন প্রেস ক্লাবের সভাপতি, সম্পাদকসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, “হামলার ৬ দিন পার হয়ে গেলেও সাংবাদিকদের ওপর প্রধান হামলাকারী সোহেল ও রাব্বিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। পুলিশ যদি দোষীদের দ্রুত গ্রেপ্তার করতে ব্যর্থ হয়, তা হলে জেলাবাসীর মনে পুলিশের প্রতি আস্থার সংকট তৈরি হয়। হামলার মূল হোতাদের দ্রুত গ্রেপ্তার করা না হলে আরো কঠোর কর্মসূচির হুশিয়ারি দেন বক্তারা। 

উল্লেখ্য, গত ৩০ এপ্রিল বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জ শহরের বাতেন খাঁ মোড়ে চা পানের সময় এই হামলার শিকার হন তারেক রহমান ও তারেক আজিজ। এ ঘটনায় সোহেল, রাব্বিসহ কয়েকজনের বিরুদ্ধে সদর থানায় মামলা করেন তারেক রহমান। 

এদিকে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন জানান, ইতোমধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। 

নাচোল প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে অনুরূপ কর্মসূচি পালন করেছেন সাংবাদিকরা।  বুধবার বেলা ১১টায় নাচোল বাসস্ট্যান্ড এলাকায় স্থানীয় সাংবাদিকদের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। 

সভায় উপস্থিত সাংবাদিকরা হামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে মূল হোতাদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এসময় বক্তব্য দেন— উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আব্দুস সাত্তার ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, নাচোল সাংবাদিক অ্যাসোসিয়েশনের সভাপতি শাকিল রেজা ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, রিপোর্টার্স ইউনিটির সভাপতি ইব্রাহিম ও সাধারণ সম্পাদক একেএম জিলানী, মডেল প্রেস ক্লাবের সভাপতি আবুল হোসেন।

সভায় সাংবাদিকরা প্রশাসনের প্রতি ৩ দফা দাবি পেশ করেন— ১. হামলার প্রকৃত কারণ উদ্ঘাটন করে প্রধান আসামি রাব্বিসহ সকল সন্ত্রাসীকে দ্রুত গ্রেপ্তার করতে হবে। ২. সাংবাদিকদের নিরাপত্তার নিশ্চিত করতে হবে। ৩. হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ সাংবাদিকদের ওপর হাত তোলার সাহস না পায়।

গোমস্তাপুর প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরেও সাংবাদিকদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।  বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। 

গোমস্তাপুর উপজেলা সাংবাদিক সমাজ আয়োজিত এ প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম। বক্তব্য দেন— সাংবাদিক নাহিদ ইসলাম, আল-মামুন বিশ্বাস, নুর মোহাম্মদ, আব্দুস সালাম তালুকদার, মনিরুল ইসলাম দোয়েল, সারওয়ার জাহান সুমন, দেলোয়ার হোসেন রনি, এমরান আলী বাবু, সাদিকুল ইসলামসহ অন্যরা। 

প্রতিবাদ সভায় স্থানীয় গণমাধ্যমকর্মীরা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির দাবি জানান। 

এছাড়াও শিবগঞ্জ ও ভোলাহাট উপজেলায় সাংবাদিকদের অনুরূপ কর্মসূচি পালিত হয়েছে।