চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডে চক্ষু হাসপাতাল এলাকায় পুরাতন কসাইখানার স্থানে আধুনিক কসাইখানা নির্মাণ কাজ শেষ হয়েছে। এটি এখন উদ্বোধনের অপেক্ষায় আছে।
জানা যায়, তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ পরিষেবা বিভাগের আওতায় প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের মাধ্যমে সারাদেশে ১০টি পৌরসভায় একটি করে আধুনিক কসাইখানা নির্মাণ করার সিদ্ধান্ত হয়। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ছিল একটি কসাইখানা। এর চুক্তিমূল্য ধরা হয় ৮ কোটি ৯৭ লাখ ৬৫ হাজার ৪৮৫ টাকা। বাস্তবায়নকাল ধরা হয় ২০২৩ সালের মে হতে ২৪ সালের এপ্রিল পর্যন্ত। কিন্তু বিভিন্ন কারণে কাজ শেষ হতে আরো সময় গড়িয়ে যায়। ঠিকাদারি প্রতিষ্ঠান ইলেক্ট্রো গ্লোব ও কচিপাতা এন্টারপ্রাইজ (জেভি) এটি নির্মাণের কাজ পায়।
কসাইখানাটি চালু হলে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নাগরিক পরিবেশবান্ধব ও আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত কসাইখানায় পশু জবাই করার সুযোগ পাবে। এখানে জবাইয়ের কাজটি করা হবে শরিয়াহ মোতাবেক এবং অন্যান্য কাজ মেশিনেই সম্পন্ন করা হবে। এর বর্জ্য ভূগর্ভের নির্মিত চেম্বারে চলে যাবে এবং শোধন হবে। পরবর্তীতে গ্যাস ও জৈব সার উৎপাদনের পরিকল্পনা রয়েছে বলে জানানো হয়।
ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজার মো. দুলাল বলেন— কাজ অনেক আগেই শেষ হয়েছে। এখন আমরা পৌরসভার কাছে হস্তান্তেরের অপেক্ষায় আছি।
এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রশাসক বলেন— অবকাঠামোগত কাজ শেষে হলেও ঠিকাদারের সঙ্গে চুক্তি মোতাবেক আনুষঙ্গিক আরো কিছু কাজ বাকি রয়েছে। অবিলম্বে ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলে তাদের কাছ থেকে এটি গ্রহণ করা হবে।