ব্রিসবেনে অত্যন্ত উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন ব্রিসবেন (ব্যাব)-এর ৩৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৭ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে ব্রিসবেনের আর্চারফিল্ড ওয়েটল্যান্ডস কমিউনিটি হলে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সংগঠনের ২০২৫-২০২৬ মেয়াদের কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করে। নতুন কমিটির মেয়াদ হবে ২০২৬-২০২৭ পর্যন্ত।
অনুষ্ঠানের শুরুতে ২০২৫-২০২৬ মেয়াদের কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে বিগত বছরের সামগ্রিক কর্মকাণ্ড, অর্জন ও আর্থিক বিবরণীর ওপর একটি বিস্তারিত পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। সাধারণ সদস্যরা সংগঠনের বিগত বছরের নানা উন্নয়নমূলক ও সমাজকল্যাণমূলক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।
এজিএম-এ উপস্থিত সকল সাধারণ সদস্যের সর্বসম্মত সিদ্ধান্তে সংগঠনের বার্ষিক সদস্য ফি ২০ ডলার থেকে বৃদ্ধি করে ৩০ ডলার নির্ধারণের প্রস্তাব পাস হয়। এছাড়াও, বিদায়ী সভাপতি সজিব মুশফিকুর রহমান ব্যাব-এর বিদ্যমান গঠনতন্ত্রের ক্রীড়া নীতিমালার প্রয়োজনীয় কিছু সংশোধনী সবার সামনে তুলে ধরেন।
সভার দ্বিতীয় পর্বে বিদায়ী সভাপতি নির্বাচন কমিশনার ড. তরফদার শামীমের কাছে নির্বাচনী কার্যক্রমের দায়িত্ব অর্পণ করেন। নির্বাচন কমিশনার উপস্থিত সদস্যদের উদ্দেশে জানান, সংগঠনের গঠনতন্ত্র (ধারা ১৮) ও নির্ধারিত নির্বাচনী তফসিল অনুযায়ী সাতটি পদের বিপরীতে সাতটি বৈধ মনোনয়নপত্র পাওয়া যায়। প্রতিটি পদে একজন করে যোগ্য প্রার্থী থাকায় এবং কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় গঠনতান্ত্রিক প্রক্রিয়া সম্পন্ন করে তিনি ২০২৬-২০২৭ মেয়াদের নতুন পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।
২০২৬-২০২৭ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি:
সভাপতি ড. নাজনীন নীলা, সহ-সভাপতি হাসিবুল চৌধুরী, সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক, কোষাধ্যক্ষ রহিম খান, সাংস্কৃতিক সম্পাদক লিজিয়া সালাম, ক্রীড়া সম্পাদক মো. সাজেদুল ইসলাম, মিডিয়া ও যোগাযোগ সম্পাদক হাসান তানভীর।
ঘোষণার পর নির্বাচন কমিশনার নতুন কমিটিকে অভিনন্দন জানান এবং সুন্দরভাবে নির্বাচন সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা করায় ব্যাব-এর সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
এরপর নবনির্বাচিত সভাপতি ড. নাজনীন নীলা উপস্থিত সকলকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে আগামী দিনগুলোতে ব্রিসবেনের বাংলাদেশী কমিউনিটিকে আরো সুসংগঠিত ও সমৃদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেন। তাঁর সমাপনী বক্তব্যের মাধ্যমে ৩৪তম বার্ষিক সাধারণ সভার সফল সমাপ্তি ঘোষণা করা হয়।