বুধবার ০২ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 02, 2026
September 01, 2026
জাতীয়
জাতীয়

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী : বাবা-মায়ের কবরে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

Published: September 01, 2026 at 01:48 PM
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী  : বাবা-মায়ের কবরে শ্রদ্ধা  প্রধানমন্ত্রীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমান তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন।

মঙ্গলবার সকাল ৯টা ১৭ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে আসেন এবং দলের স্থায়ী কমিটির সদস্যসহ কেন্দ্রীয় নেতাদের নিয়ে পুষ্পমাল্য অর্পণ করেন।

এ সময় ফাতেহা পাঠ করে দলের প্রয়াত প্রতিষ্ঠাতা এবং প্রয়াত চেয়ারপারসনের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন তারা।

এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান; স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ; সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন; বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ; দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়; সেলিমা রহমান; পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানিসহ বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে দলের নেতৃবৃন্দকে নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন এবং জিয়া উদ্যানের লেকে মাছের পোনা অবমুক্ত করেন।

দলের চেয়ারম্যানের শ্রদ্ধা নিবেদন ও প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনী তুলে নেয়ার পর সমাধিস্থলে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের ঢল নামে। নেতাকর্মীরা মিছিল নিয়ে ‘শুভ শুভ শুভ দিন, বিএনপির জন্মদিন’, ‘এক জিয়া লোকান্তরে, লক্ষ জিয়া ঘরে ঘরে’ প্রভৃতি স্লোগানে মুখরিত করেন জিয়া উদ্যানের সমাধি প্রাঙ্গণ।

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয়ভাবে পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এছাড়া সারাদেশে জেলা ও মহানগর পর্যায়ে আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালন করা হচ্ছে।

বিএনপি এমন সময় তাদের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে, যখন দুই দশক পর আবারো রাষ্ট্র পরিচালনা করছে দলটি। আর প্রথমবারের মতো প্রধানমন্ত্রী পদে আছেন দলের বর্তমান চেয়ারম্যান তারেক রহমান।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠা করেন। তিনি দলটির চেয়ারম্যান ছিলেন। পরে তাঁর সহধর্মিণী বেগম খালেদা জিয়া এবং বর্তমানে তাদের সুযোগ্য পুত্র তারেক রহমান দলটির নেতৃত্ব দিচ্ছেন।

২০২৫ সালের ৩০ ডিসেম্বর বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর দলের হাল ধরেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান।