চাঁপাইনবাবগঞ্জের দেবীনগরে গোসলে নেমে একসঙ্গে ৫ কন্যাশিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় সমবেদনা জানিয়েছেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী। শনিবার বিকেলে দেবীনগরে গিয়ে মারা যাওয়া শিশুদের পরিবারের খোঁজখবর নেন এবং সমবেদনা জানান।
এসময় পরিবারগুলোকে চাল ও আর্থিক সহায়তা প্রদান করেন তিনি। পরেও করা হবে বলে জানান তিনি।
এসময় সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন, দেবীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান উপস্থিত ছিলেন।
গত শুক্রবার দুপুরে সদর উপজেলা দেবীনগর ইউনিয়নের চরচাকলা মরা নদীতে বন্যার পানিতে সবার অগোচরে গোসলে নেমে ডুবে মারা যায় ৫ শিশু। মারা যাওয়া শিশুরা হলো— জেলার সদর উপজেলার দেবনীগর ইউনিয়নের চরচাকলা গ্রামের মো. মাসুদের কন্যা সুমাইয়া (১০) ও আরিবা (০৮), মো. নিজাম উদ্দিনের কন্যা সুমাইয়া (১২) ও সুরাইয়া (৯) এবং মো. শরিফুল ইসলামের কন্যা শরিফা (১১)।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে পাঁচ শিশু একসঙ্গে পদ্মার শাখা মরা নদীতে গোসল করতে নামে। গোসল করার একপর্যায়ে একজন গভীরে তলিয়ে যেতে থাকলে তাকে বাঁচাতে গিয়ে একে একে পাঁচ শিশুই পানিতে ডুবে যায়। বিষয়টি দূর থেকে স্থানীয় এক ব্যক্তির নজরে এলে তার চিৎকারে স্থানীয়রা ছুটে আসেন। পরে নদী থেকে পাঁচজনকে নিথর অবস্থায় উদ্ধার করা হয়। নদী থেকে উদ্ধারের সময় দেখা যায়, বাঁচার আকুল চেষ্টায় শিশুরা একে অপরের হাত শক্ত করে ধরে রেখেছিল।
এদিকে খবর পেয়ে বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মারুফ আফজাল রাজন। এমন হৃদয়বিদারক ঘটনায় শোক প্রকাশ করে তিনি জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে তাৎক্ষণিক আর্থিক সহায়তা প্রদান করা হয়।