চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে এক সঙ্গে ৫জন কন্যা শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে সদর উপজেলা দেবীনগর ইউনিয়নের চর চাকলা মরা নদীতে বন্যার পানিতে মৃত্যুর এ ঘটনা ঘটে। এ ঘটনায় গ্রামজুড়ে নেমে এসছে শোকেরা ছায়া। স্বজনদের কান্না আর আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে। মারা যাওয়া শিশুরা হলো- জেলার সদর উপজেলার দেবনীগর ইউনিয়নের চরচাকলা গ্রামের মো. মাসুদের কন্যা সুমাইয়া (১০) ও আরিবা (০৮), মো. নিজাম উদ্দিনের কন্যা সুমাইয়া (১২) ও সুরাইয়া (৯) এবং মো. শরিফুল ইসলামের কন্যা শরিফা (১১)।
চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম. ওয়াসিম ফিরোজ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন-শুক্রবার দুপুর ১২টার দিকে দেবীনগর ইউনিয়নের চর চাকলা মরা নদীতে গোসল করতে গিয়ে এই পাঁচ শিশু ডুবে মারা যায়। পরে জুমার নামাজ শেষে এলাকাবাসী জানতে পেরে দুপুর সোয়া ১টার দিকে তাদের মৃতদেহ নদী হতে উদ্ধার করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে পাঁচ শিশু একসঙ্গে পদ্মার শাখা মরা নদীতে গোসল করতে নামে। গোসল করার এক পর্যায়ে একজন গভীরে তলিয়ে যেতে থাকলে তাকে বাঁচাতে গিয়ে একে একে পাঁচ শিশুই পানিতে ডুবে যায়। বিষয়টি দূর থেকে স্থানীয় এক ব্যক্তির নজরে এলে তার চিৎকারে স্থানীয়রা ছুটে আসেন। পরে নদী থেকে পাঁচজনকে নিথর অবস্থায় উদ্ধার করা হয়। নদী থেকে উদ্ধারের সময় দেখা যায়, বাঁচার আকুল চেষ্টায় শিশুরা একে অপরের হাত শক্ত করে ধরে রেখেছিল।
এদিকে চর চাকলা গ্রামে গিয়ে দেখা যায়, মারা যাওয়া তিন পরিবারের চলছে শোকের মাতম। এ সময় প্রবাসী মাসুদের বাড়ির ওঠনে দুই মেয়ের মরদেহ নিয়ে আত্মীয় স্বজনরা ঘিরে রেখেছে।
এ সময় স্থানীয় বাসিন্দা শুকুরুদীর সঙ্গে কথা হলে তিনি বলেন, তারা এক সাথে গোসল করছিল। এ সময় একজন ডুবে গেলে তাকে বাঁচাতে গিয়ে এক এক করে পাঁচ শিশু ডুবে যায়। উদ্ধারের সময় দেখা যায় শিশুরা বাঁচতে গিয়ে একে অপরের হাত ধরে রেখেছিল।
সুলতান আলী নামে স্থানীয় এক বাসিন্দা আফসোস করে বলেন, “এর আগে এই নদীতে কখনো একসঙ্গে এত মানুষের মৃত্যু হয়নি। দু-একজনের ডুবে যাওয়ার কথা শুনেছি, কিন্তু এভাবে পাঁচ শিশুর একসঙ্গে চলে যাওয়া আমরা কেউ কোনোদিন দেখিনি।”
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন জানান, দেবীনগর চর চাকলা গ্রামে মরা নদীতে গোসল করতে নেমে পাঁচ শিশুর ডুবে মারা যাওয়ার খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এদিকে খবর পেয়ে বিকেলে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মারুফ আফজাল রাজন। এমন হৃদয়বিদারক ঘটনায় শোক প্রকাশ করে তিনি জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে তাৎক্ষণিক আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এদিকে একই গ্রামের পাঁচ শিশুর এমন করুণ মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। রাতে চর চাকলা গোরস্থানে পাশাপাশি পাঁচটি কবরে তাদের দাফন সম্পন্ন করা হয়।
দেবীনগর ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ড সদস্য মো. মজিবুর রহমান জানান, চর চাকলা গ্রামের পাশের নদীটি স্থানীয়ভাবে মরা নদী নামে পরিচিত। এটি পদ্মার একটি শাখা নদী। বর্ষা ও বৃষ্টির সময় এ মরা নদীতে পদ্মার পানি প্রবেশ করে নদীটি ভরে যায়। চলতি মৌসুমেও নদীটি পানিতে ভরে গেছে। বছরের অন্য সময় এখানে তেমন পানি থাকে না।