চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে পৃথক স্থানে দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার দুপুর আড়াইটার দিকে বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে এঘটনা ঘটে। মারা যাওয়ারা হলেন- জেলার সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের ভবানীপুর তেররশিয়া ঝুরিপাড়ার মো. বাবু আলীর ছেলে মিরাজ (১৫) ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার শেয়ালা কলোনীর মৃত মঙ্গলা উদ্দিনের ছেলে মানিক আলী (৪৫)।
সদর উপজেলার ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন জানান, ভবানীপুর গ্রামের কিছু দূরে নিজেদের আম বাগানে বাবা ও ছেলে আম পাড়ছিলেন। এসময় বৃষ্টি শুরু হলে তারা আমগুলোকে প্যাকেট করছিলেন। হঠাৎ বজ্রপাত হলে শিশু মিরাজ গুরু আহত হয়ে পড়ে। এসময় তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিরাজকে মৃত ঘোষণা করেন। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিল রাজু আহমেদ জানান, বুধবার দুপুর আড়াইটার দিকে নিজ বাড়ির পাশে কাজ করছিলেন মানিক আলী। এসময় বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। এসময় তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন ঘটনাদুটি নিশ্চিত করে বলেন, আইনগত ব্যবস্থাগ্রহণ করা হয়েছে।