রবিবার ২৯ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 29, 2026
November 28, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে প্রাণিসম্পদ খাতে মোট জনসংখ্যার ২৭ শতাংশের কর্মসংস্থান

Published: November 28, 2026 at 03:02 PM
চাঁপাইনবাবগঞ্জে প্রাণিসম্পদ খাতে মোট জনসংখ্যার ২৭ শতাংশের কর্মসংস্থান

চাঁপাইনবাবগঞ্জ জেলায় প্রাণিসম্পদ খাতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কর্মসংস্থান হয়েছে ৪ লাখ ৪৪ হাজার জনের। যা জেলার মোট জনসংখ্যার প্রায় ২৭ শতাংশ। এর মধ্যে ২ শতাংশ সেবা খাতে, বাজারজাতকরণে ১৩ শতাংশ, পশুখাদ্য ও ওষুধ উৎপাদনে ১৭ শতাংশ, গবাদিপশু উৎপাদনে ৩৫ শতাংশ এবং পোল্ট্রি খাতে ৩৩ শতাংশ রয়েছে।

সরকারি মুরগি প্রজনন ও উন্নয়ন খামার, চাঁপাইনবাবগঞ্জের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক মো. রজব আলী এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, সকলের জন্য নিরাপদ, পর্যাপ্ত ও মানসম্মত প্রাণিজ আমিষ নিশ্চিতকরণ প্রাণীর স্বাস্থ্য সেবা প্রদান উৎপাদনশীলতা বৃদ্ধি, এবং মূল্য সংযোজনের মাধ্যমে প্রাণিজ আমিষের চাহিদা পূরণের লক্ষ্য নিয়ে চাঁপাইনবাবগঞ্জে কাজ করছে প্রাণিসম্পদ দপ্তরের জেলা ও উপজেলা কার্যালয়। পোষা প্রাণীদের স্বাস্থ্যসেবাসহ গবাদি উৎপাদনসহ অন্যান্য বিষয়ে কাজ করছে এই দপ্তরটি। 

তিনি আরো বলেন, জেলার ৫ উপজেলায় ৫টি উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল আছে, জেলা ভেটেরিনারি হাসপাতাল আছে ১টি, সরকারি মুরগি প্রজনন ও উন্নয়ন খামার আছে ১টি, প্রাণিসম্পদ কোয়ারেন্টাইন স্টেশন আছে ২টি, কৃত্রিম প্রজনন উপকেন্দ্র আছে ৫টি, কৃত্রিম প্রজনন পয়েন্ট আছে ৩২টি, আধুনিক স্লোটার হাউস ১টি। এসবের মধ্যে স্লোটার হাউসের কার্যক্রম এখনো শুরু হয়নি।

রজব আলী জানান, জেলায় বেসরকারি উদ্যোগে লালন-পালন করা হচ্ছে  দেশী গরু ৩ লাখ ৭৫ হাজার ৪৯৬টি, শংকর জাতের গরু ১ লাখ ৫১ হাজার ৪১১টি। এছাড়া মহিষ আছে ৬ হাজারটি, ছাগল আছে ৬ লাখ ৫৩ হাজার ৬৯৩টি এবং ভেড়া আছে ৩৮ হাজার ৩৩৯টি। অন্যদিকে দেশী মুরগী আছে ১৩ লাখ ৫০ হাজার ৬২২টি, শংকর জাত বা উন্নত জাতের মুরগি আছে ২ লাখ ৬২ হাজার ৫২০টি। এছাড়া পাতিহাঁস আছে ১ লাখ ৯৭ হাজার ৯২৫টি এবং উন্নতজাতের হাঁস আছে ১০ লাখ ৫০ হাজার ৬২০টি।  এছাড়াও কবুতর আছে ২৪ হাজার ৫০৩টি। গাভীর খামার আছে ১ হাজার ৫৩১টি, গরু হৃষ্টপুষ্টকরণ খামার আছে ৮০৭টি, মহিষের খামার আছে ৫৫টি, ছাগলের খামার আছে ৩ হাজার ১২৮টি, ভেড়ার খামার আছে ৩৭৬টি, লেয়ার মুরগির খামার আছে ২০টি,  ব্রয়লার মুরগির খামার আছে ৫৬২টি, সোনালি মুরগির খামার আছে ২৪৮টি এবং হাঁসের খামার আছে ২০০টি।

তিনি আরো জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলায় নিবন্ধিত গবাদিপশু ও হাঁস-মুরগির খামার ১ হাজার ১৪১টি। এর মধ্যে গাভীর খামার ৫৭০টি, গরু হৃষ্টপুষ্টকরণ খামার ১০১টি, ছাগলের খামার ৬১টি, ভেড়ার খামার ৭৯টি, লেয়ার মুরগির খামার ১৬টি, সোনালি মুরগির খামার ৫টি, ব্রয়লার মুরগির খামার ২৬৮টি এবং হাঁসের খামার ৪১টি।

চাঁপাইনবাবগঞ্জ জেলায় প্রাণিসম্পদ শিল্পপ্রতিষ্ঠান আছে ৫৬টি। এর মধ্যে মিল্ক চিলিং প্লান্ট ১১টি, দুগ্ধজাত পণ্য কারখানা ২৩টি, ফিড মিল (ক্যাটাগরি-১) ৩টি এবং পশুখাদ্য সংরক্ষণাগার (ক্যাটাগরি-২) ১৯টি। এছাড়া ২০২৫-২০২৬ অর্থবছরে দুধ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয় ২.৬০৮৪ মেট্রিক টন। এর বিপরীতে উৎপাদন হচ্ছে ২.৬৩৭৬৩ মেট্রিক টন। বর্তমানে দুধ উৎপাদনে উদ্বৃত্ত জেলা চাঁপাইনবাবগঞ্জ।

জেলায় বাৎসরিক দুধের চাহিদা হচ্ছে ২.৪৯০০০ লাখ মেট্রিক টন, এর বিপরীতে উৎপাদন হচ্ছে ২.৬৩৭৬৪ লাখ মেট্রিক টন। ০.১৪৭৬৪ লাখ মেট্রিক টন দুধ উদ্বৃত্ত থাকছে। 

অন্যদিকে বাৎসরিক মাংসের চাহিদা হচ্ছে ১.৩২০০০ লাখ মেট্রিক টন। এর বিপরীতে উৎপাদন হচ্ছে ১.৫৬১৫৭ লাখ মেট্রিক টন। ডিমের বাৎসরিক চাহিদা হচ্ছে ৩২.৬০ কোটি। এর বিপরীতে উৎপাদন হচ্ছে ৩৩.৭৩ কোটি।