রবিবার ২৯ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 29, 2026
November 28, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ২০ জন ছাড়পত্র ১১ জনকে, ভর্তি রোগী ৫৩ জন

Published: November 28, 2026 at 02:56 PM
চাঁপাইনবাবগঞ্জে  ২৪ ঘণ্টায় ডেঙ্গু   আক্রান্ত আরো  ২০ জন  ছাড়পত্র ১১ জনকে, ভর্তি রোগী ৫৩ জন

চাঁপাইনবাবগঞ্জে কমতে শুরু করেছে ডেঙ্গু রোগীর সংখ্যা। আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি রোগীর সংখ্যা ছিল ৪৫ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৩ জনে। পরিসংখান অনুযায়ী আক্রান্ত কমলেও বেড়েছে ভর্তি রোগীর সংখ্যা।

চাঁপাইনবাবগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয় ও ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের প্রতিদিনের প্রতিবেদনে শনিবার এই তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদনে আরো জানানো হয়, নতুন করে আক্রান্ত হয়েছেন আরো ২০ জন। তাদের মধ্যে ১৬ জনকে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে, ২ জনকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, ১ জনকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং ১ জনকে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ জন এবং অবস্থার অবনতি হওয়ায় নাচোল থেকে ১ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। 

ফলে বতর্মানে সরকারি হাসপাতালগুলোয় ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৩ জনে। এর মধ্যে জেলা হাসপাতালে ৩৭ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ জন, নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন এবং ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন রোগী ভর্তি রয়েছেন।

প্রতিবেদনে আরো জানানো হয়, চলতি বছরে জেলা হাসপাতালে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৪ জনের। আর একই সময়ে আক্রান্ত হয়ে জেলা হাসপাতালে ৩ হাজার ৬৫০ জন, শিবগঞ্জে ২৭৯ জন, গোমস্তাপুরে ২৯৪ জন, নাচোলে ১৪১ জন ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৭৯ জনসহ জেলায় মোট ভর্তি রোগীর সংখ্যা ৪ হাজার ৫৪৩ জন। এছাড়া জেলা হাসপাতালের বহির্বিভাগে শনাক্ত হয়েছেন আরো ২ হাজার ৭৭৯ জন সাধারণ ডেঙ্গু রোগী।