সোমবার ২৩ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 23, 2026
November 23, 2026
বিনোদন
বিনোদন

মিশরে বিশেষ সম্মাননা পেল ‘সাঁকোটা দুলছে’

Published: November 23, 2026 at 12:04 PM
মিশরে বিশেষ সম্মাননা পেল ‘সাঁকোটা দুলছে’

মিশরের ৪৭তম কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ সম্মাননা অর্জন করেছে বাংলাদেশের চলচ্চিত্র ‘দ্য ব্লাইন্ড গার্ল অ্যান্ড অ্যান এলিফ্যান্ট’ (বাংলা নাম: ‘সাঁকোটা দুলছে’) । উৎসবের আন্তর্জাতিক সমালোচক সপ্তাহ বিভাগে এই স্বীকৃতি পেয়েছে ইশতিয়াক আহমেদ জিহাদ পরিচালিত ছবিটি। বাংলাদেশ ও জার্মানির যৌথ প্রযোজনায় নির্মিত চলচ্চিত্রটির প্রযোজক অভিনেতা মনোজ প্রামাণিক। মিশরের কায়রোতে অনুষ্ঠিত হয় এবারের উৎসব। সমাপনী অনুষ্ঠানে পুরস্কার ঘোষণা করা হয়। চলচ্চিত্রটির সহযোগী প্রযোজক ক্রিস্টোফ থোকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলে (মেনা) এই উৎসবের মধ্য দিয়েই প্রথমবার প্রদর্শিত হয়েছে ছবিটি। কায়রো অপেরা হাউসের স্মল থিয়েটার এবংতাহরির সিনেমায় এর দুটি প্রদর্শনী অনুষ্ঠিত হয়। গ্রামীণ বাংলাদেশের তিন তরুণীর জীবন, স্বপ্ন ও মুক্তির আকাঙ্ক্ষাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘সাঁকোটা দুলছে’। পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থা, ধর্মীয় রক্ষণশীলতা, কুসংস্কার ও সামাজিক বিধিনিষেধের বাস্তবতা উঠে এসেছে ছবিটিতে। অন্ধ এক কিশোরীর স্বাধীনতার আকাঙ্ক্ষা এবং একটি হাতির সঙ্গে তার সাক্ষাতের মধ্য দিয়ে মানুষের স্বাধীনতা, সামাজিক বন্দিত্ব ও মুক্তির প্রশ্ন অনুসন্ধান করেছেন নির্মাতা। এর আগে ২৮তম সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এশিয়ান নিউ ট্যালেন্ট বিভাগে বিশ্ব প্রিমিয়ার হয় ছবিটির। সাংহাই উৎসবে শ্রেষ্ঠ চিত্রগ্রহণের জন্য গোল্ডেন গোবলেট পুরস্কারসহ আন্তর্জাতিক অঙ্গনে ইতোমধ্যে তিনটি পুরস্কার পেয়েছে এটি। এ ছাড়া রাশিয়ার আমুর অটাম ও সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও পুরস্কৃত হয়েছে চলচ্চিত্রটি। ৮০ মিনিট দৈর্ঘ্যরে বাংলা ভাষার ছবিটিতে অভিনয় করেছেন সানজিদা আক্তার স্বর্ণা, তাহমিদা রহমান তৌহিদা, সুমাইয়া আক্তার, মুনসিফ মিম, অশোক বেপারী, পঙ্কজ পালিত ও রবিউস সানি।